
আমি সামুর একজন অনিয়মিত ব্লগার । অনিয়মিত ছাত্ররা যেমন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস মিস করে, আমিও তেমনি ব্লগের অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করি । কাল্পনিক ভালোবাসা ভাইয়ের চমৎকার স্মৃতিচারণ মূলক একটা লেখা একদিন পর আমার গোচরে আসলো । সৈয়দা শুলশান ফেরদৌস জানা আপুর শুভ জন্মদিন উপলক্ষ্যে কাভা ভাই সুন্দর একটা পোস্ট দিয়েছেন ।
.
গল্পের মতো করে লেখা সেই পোস্ট পড়ে ব্যক্তিত্বময়ী এক নারীর অনেক গুণের কথা জানলাম । উনার ছবি দেখে উনাকে চিনলাম । কখনো কোথাও দেখা হলে কী চিনতে পারবো? বোধ হয় পারবো, এমন ব্যক্তিত্বময় চেহারা তো ভোলার নয় । কিংবা যদি কখনো উনার সাথে মোবাইলে কথা হয়, বুঝতে কী পারবো ইনিই জানা আপু? পারবো বোধ করি । কারণ একদিন সামু ব্লগ থেকে আমার মোবাইলে একজন অপরিচিত ভদ্রমহিলা ফোন করে ছিলেন । ধারণা করছি, উনি জানা আপুই ছিলেন । ২০১৬ সালের প্রথম দিকের কথা । খুব মার্জিত ভাষায় মোবাইলের অপর প্রান্ত থেকে একজন জানালেন তিনি সামু ব্লগ থেকে বলছেন, আমার সাথে কথা বলতে চান । আমি তো নার্ভাস বোধ করছি, না জানি কী পোস্ট করে আপুর বিরাগভাজন হয়েছি? উনি খুব মার্জিত ভাষায় বললেন, আপনার “বড় আপা” গল্পটা আমি পড়েছি । খুব সুন্দর গল্প । আপনি একটা প্রতিযোগীতায় গল্পটা পাঠিয়েছেন । সেটা চূড়ান্ত বিবেচনার জন্য মনোনীত হওয়ার সামু ব্লগ খুশি । কিন্তু গল্পটার জন্য ভোট চেয়ে আপনি ব্লগে পোস্ট দেওয়াটা ঠিক হয়নি । আপনি পোস্টটা মুছে ফেলুন ।
আমি হাফ ছেড়ে বাঁচলাম । যাক বাবা, বেশী গুরুতর কোন বিষয় নয় । তৎক্ষণাত পোস্ট মুছে ফেললাম । এর মধ্যে অবশ্য আমার প্রচার কাজটা হয়ে গেছে ।
সামু ব্লগাররা সে সময় স্বতস্ফূর্ত ভাবে আমাকে ভোট দিয়ে ছিলেন । ফিকশন বিডি গল্প প্রতিযোগীতায় আমার গল্পটা প্রথম পুরস্কার পেয়ে ছিল । ব্লগারদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।
.
জানা আপু, আপনি যেখানেই থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবি হোন – প্রাণের স্পন্দনে সামু ব্লগটাকে মাতিয়ে রাখুন ।
.
১৭ সেপ্টেম্বর ২০১৮
মো: শামছুল ইসলাম ।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



