
পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর পাথর শীতল,
চলবে না লড়াই বাতাসের সাথে, যেখানে প্রকৃতি অবিচল।
বুনো ঘাস আর পাতা ফুলের দল ছড়িয়ে পড়ুক চারিধারে,
মাথার ধুলোটা ধুয়ে যাক রোজ শ্রাবণের বৃষ্টিধারে।
অতীতের এক ভারী বোঝা হয়ে ফলকটি শুধু বাঁধে,
মুক্ত মাটি তো শ্বাস নিতে চায়, নতুন রূপের ছাঁদে।
স্মৃতি যদি খোঁজো, খুঁজে নিও তবে মাটির একটি বীজে,
কচি সবুজ পাতায় কিংবা পাখির চঞ্চুমাঝে।
মিশে গেছি আমি নিখিল প্রকৃতিতে, বন্ধনহীন কায়ার,
রাখার তো কোনো দরকার নেই পাথুরে ফলক ছায়ার।
মুখরিত পৃথিবীতে ক্ষুদ্র এ অস্তিত্ব রবেনা আর,
যমুনার চরণে আজি সঁপিলাম নিজ ভার।
কৃতকর্মর জানা অজানা অহমিকা ধুয়ে যাক, গভীর অতলে,
মিশে যাব চিরতরে উত্তাল পদ্মার ভালোবাসার জলে।
(নোট : কবিতাটি প্রিয় ব্লগার ড: এম এ আলীর কবিতা উপলক্ষ্যে আমার ভাবনা )
তাং : ২৩/০৯/২০২৬ ইং । সিডনী, অষ্ট্রেলিয়া ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


