ফাল্গুনের শেষ উদাস হাওয়ার এ বসন্তের রাতে
তোমার আকাশ থেকে কিঞ্চিৎ জ্যোৎস্নার আলো
ছড়িয়ে পড়ুক আমার এ চোখের কার্নিশে।
আমি কষ্টগুলোকে নাইয়ে নেবো তার স্রোতে
সুখের সামপান ভাসাবো দীঘল নদী জুড়ে
তুমি শুধু চাঁদ হও- জ্যোৎস্না ছড়াও চোখে।
আমার এ কষ্ট আর কষ্ট থাকবে না কোনো
তুমি চোখ ফেরালে ঐ নীল চাঁদোয়ায় একবার
আমার এ দুঃখ আর দুঃখ থাকবে না কোনো
তুমি নদী হ'য়ে ধুয়ে দিলে কষ্টের কালিমা যতো
আমার এ স্বপ্নে আর স্বপ্নভ্রম থাকবে না কোনো
পরম বাস্তব হ'য়ে যাবে সকলই নিমেষেই
যদি সঙ্গী হও- হাত ধ'রে হাঁটো এ জীবন আঙিনায়।
কৃষ্ণপক্ষের চাঁদ হেসে উঠলে অচেনা আঁধার থেকে
পৃথিবীটা জেগে ওঠে যেমন সহসা নড়ে চড়ে
সমস্ত জ্যোৎস্না গিলে খায় সমুদ্রের লোনাজল!
আমিও আকণ্ঠ ফেলবো গিলে তোমার ঐ নীলিমা
নিটোল চাঁদোয়া রাত কোনো এক মধ্যরাতে
তুমি শুধু চাঁদ হও- জ্যোৎস্না ছড়াও চোখে।
23.03.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




