আমার এ দুঃখ কবিতা সবার জন্য নয়।
এ বিশ্বের সামাজ্যবাদের অধিশ্বর
তার চাটুকার দোসর, চেলা-চামুন্ডা
মুক্তবাজার অর্থনীতির কোটিপতি
একচ্ছত্র শিল্পপতি, মিডিয়া সম্রাট
পুঁজিপতি, কলকারখানার মালিক
তৃতীয় বিশ্বের রাষ্ট্রপ্রধান, দুর্নীতিবাজ নেতা
কারুরই জন্য নয় আমার কবিতা।
বিশ্বসুন্দরীদের মেলায় মুকুটধারী রূপসী
বার-ক্যাবে নাচা নর্তকী-অপ্সরী
সিনেমার নায়িকা-মডেল- নাটকের নটী
আপাদমস্তক কবিতার ভঙ্গিমা তাদের
তবুও তাদের জন্য নয় কবিতার শ্লোক।
ঘুষখোর আমলার কন্যা, মুখরা স্ত্রী
কাব্যের শব্দেই তোলে কথার তুফান
হঠাৎ আঙুল ফুলে ওঠা ব্যবসায়ীর প্রাসাদ
থরে থরে সাজানো বাগান, ঘরবাড়ি, ছাদ
সবই কবিতার উপমা, সুন্দর আরাধনা
মহল্লার সুন্দরী কিশোরী মেয়ে সুমাইয়া
অঙ্গ-প্রত্যঙ্গে তুফান কবিতার ঢেউ
তবুও ওঠেনি হাতে কবিতার বই।
ভালোবেসে যারা শুধু কষ্ট পেতে জানে
নির্ঘুম পাথর চোখে খোঁজে স্বপ্নের বহর
আকাশের নীলে ফোটায় দুঃখের তারা
নীল খামে ভরে অব্যক্ত প্রেমের কথা
হিমালয়ের জমাট বরফ বেঁধে দুই পায়ে
পদে পদে হারায় পথ গহীন আমাজনে
সাহারার ধূলিকণা যাদের চোখের জ্বালা
স্বাগত করি তাদের আমার কবিতায়-
যতোটুকু সুখ থাকে প্রাণে সঙ্গমে-মিলনে
ততোটুকু কষ্ট নিয়ে এসো বিরহ আগুনে
হে বন্ধু সকল আমন্ত্রণ তোমাদের-
পড়ো আমার কবিতা হাজার প্রহর।
26.05.2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




