আমি চলছি, শুধুই চলছি গাছটা বরাবর-
কৈশোর পেরিয়ে মধ্য বয়সের কাঙ্ক্ষিত গন্তব্যে
এক আজন্ম বিশ্বাস বিঁধে আছে বুকে অবিচল।
চৈত্রের খাঁখাঁয় কবেই তো ঝরে গেছে পাতা
মরা ডাল, কাকের কর্কশ ডাকে ছিন্নভিন্ন নিস্তব্ধতা
আমি এগুচ্ছি সামনে গাছটার দিকে
বসবো ছায়ায় তার, খাবো সুমিষ্ট রসালো ফল।
সাহারার লু-হাওয়া বেঁধে চোখের কার্নিশে
মরে যায় স্বপ্নের প্রহর কাঁঠফাঠা রোদে
দৃষ্টির ঝাপসা পথে কা-কা রবে উড়ে যায় কাক
আমি পিষে চলছি, একাকী পেরুচ্ছি বসন্তকাল!
শব্দের কলিরা নেই, ঝরে গেছে কবিতার গুল্ম-লতা
শুষ্ক হৃদয়ে বৈশাখী হা-হুতাশ নিষ্ঠুর বাস্তবতার
লেখনীর শক্তি পেরুনো এতোটাকাল ক্ষয়ে ক্ষয়ে
যেন আমি পথের মাঝের সেই অর্ধ-মৃত গাছ
পৃথিবীর পথে নিশ্চল দাঁড়িয়ে রয়েছি অনন্তকাল!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



