
প্রিয় ব্লগার,
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে ভাগ নিতে আসবো। ঘটেনি! ২০২৪ এর এপ্রিলে উচ্চ মাত্রার কেমো এবং রেডিওথেরাপি শেষ হবার তিনমাসের মধ্যেই আমার মস্তিষ্কে ক্যানসারের বিস্তার পাওয়া যাায় এবং তার চিকিৎসা এবং নানান পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে লড়ে যাবার সাহস জিইয়ে রেখে চলেছি। আমাকে পারতেই হবে। আমার অনেক কিছুই করার বাকী আছে।
বিরূপ সময়ের সাথে যুঝে চলা সবসময় খুব সহজ হবে, তা নয়। জীবনের গতিতে কখনও কখনও দূর্গম বাঁক ও থাকে! তা জেনে এবং মেনে নিয়েই জীবন চলমান। এই পরিস্থিতিতেও একটা খুব ভালো বিষয় হলো, চলমান এই ওষুধের সাহায্যে আমার ক্যানসারের নিরাময় সম্ভব না হলেও অন্তত এর বৃদ্ধি এবং বিস্তার রোধ করা সম্ভব বলে আমার চিকিৎসকেরা বিশ্বাস করেন। আমি এবং আমরাও এ,বিষয়ে আস্থা রাখি।
এই প্ল্যটফর্মটি আমাদের সকলের খুব আপন, বিশেষ ভালোবাসার। যে কোন পরিস্থিতির মোকাবেলায়, সহস্র বিপত্তি আর প্রতিবন্ধকতাতেও আমরা যুথবদ্ধ থেকেছি। যাবতীয় সত্যে, সাহসে, সম্মানে আর মঙ্গলের পক্ষে আমরা সকলে যেন এ ভাবেই যুথবদ্ধ থাকি। আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

