দৈবাৎ তোমাকে পাই/ শেখ জলিল
জন্মেছি বামন;
দৈবাৎ ভাগ্যের ফেরে হে চাঁদ তোমাকে কোনোদিন পাই-
সে আমার পরম পাওয়া।
মাঠের দিগন্ত থেকে এক ঝাঁক মিলিত সবুজ
বিঁধে যায় যদি কৃষকের চোখের তারায়
শোণিতের তপ্তস্রোতে বেজে ওঠে প্রাপ্তির কোরাস
সে-ও কী আমারই সুখ?
গোবরে পোকার অসহ্য কামড় স'য়ে
অকাল শিথানে গোবরেই বেড়ে ওঠে পদ্ম-শিশু।
তোমাকে পাবার জন্যে নয়, আমরণ দেখার তৃষ্ণায়
দ্বিধাহীন মেলে র'ব প্রতিটি নিভাঁজ;
বিনিদ্র রাতের সাথী প্রতীক্ষার আঁধার কাটায়ে
যদি বা তোমাকে পাই-
সে আমার মহাসুখ, পরম পাওয়া।
২৫.১২.৮৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




