
ছবিঃ ইন্টেরনেট
পরবর্তী ট্রাফিক সিগন্যালে.....
অনেকদিন প্রেম করা হয়না।
আগে যখন প্রেম করতাম
তখন তুমি ভালোবাসার দিনে
খোঁপায় গুঁজতে লাল গোলাপ
আর আমি নীলসাদা টাই-ডাই পাঞ্জাবীটা।
সেই পাঞ্জাবি তুমি নিজেই বানাতে
শক্ত করে বাঁধতে , রংয়ে ডোবাতে
সবকিছুর একটা তারতম্য ছিল , হিসেবে নিকেশ ছিল।
কিন্তু দ্যাখো , অনেকদিন প্রেম করা হয় না।
রবি , বুধ , শুক্র - বারগুলো ঠিকই আছে
ফুল বিক্রেতারা ফুল বিক্রি করেছে দিব্যি
দাম একটু বেশি হলেও ,
রংয়ের দোকান গুলোতে রং পাওয়া যায়
পাওয়া যায় পাঞ্জাবীর কাপড়
বাটিক , টাই-ডাই সময় আর রঙের মিশেল
অনেকেই শিখে গেছে ,
অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে আজকাল।
সবকিছুই ঠিকই আছে দ্যাখো , শুধু হিসেবটাই যেন পাল্টে গেলো।
না , এভাবে ঠিক হয় না
হচ্ছে না কোনভাবেই।
এবার পরবর্তী ট্রাফিক সিগন্যালে
একটা লাল গোলাপ কিনে দেবো
তুমি খোঁপায় গুঁজো।
দ্যাখো , অনেকদিন তোমাকে বলা হয় না
খোঁপার ফুলে তোমাকে দারুন লাগে দেখতে
অনেকদিন প্রেমও করা হয় না আগের মত ।
কিংবা ধরো ,
পরবর্তী ট্রাফিক সিগন্যালে একটা কবিতাও লিখে ফেলতে পারি।
-----------
স্বপ্নবাজ সৌরভ
কর্পোরেট ডেস্ক থেকে
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


