
১.
অাকাশটা মাথায় নিয়ে মেঘ নেমেছে রাজপথে, শুভ্র মেঘ । যদিও অতি বৃষ্টিতে এ শহর ভাসিয়ে দেওয়ার কোন ইচ্ছে নেই মেঘের । তবু নর্দমা থেকে উঠে এসেছে একদল হায়েনা । কারন ওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মেঘকে সরিয়ে দিতে হবে রাজপথ থেকে । তাই ওরা এখন অাদিম কায়দায় সরিয়ে দিচ্ছে মেঘ । এভাবে সরিয়ে দিলেই কি মেঘ তার শুভ্রতাকে পরিত্যাগ করবে ? মনে তো হয় না । ঝুম বৃষ্টির পর কোন এক শরতের অাকাশ জুড়ে চাঁদ ওঠাবে ওরা, তারপর জ্যোৎস্নায় ভরিয়ে দেবে একদিন।
২.
একজন ভাল শিল্পী, চমৎকার গাইতে পারে, পরিচিতিও ভাল তার, কিন্তু তুমি চাইলেই সে গান জুড়ে দেবেনা, তার একটা শর্ত থাকে, গান শুরুর অাগে তাকে একটা ঘাণির উপর উঠিয়ে দিতে হবে । গরু যখন তেলের ঘাণি টানতে থাকবে তখন নিরাপদ চিত্তে গলায় সুর তুলবে সে এবং গান গাইতে থাকবে । অাহা, সে যে কী মিষ্টি সুর ! বাকী সময়টা খাটের নিচে থাকতেই তার পছন্দ । কোন ঝক্কি-ঝামেলা নেই, একদম নিরাপদ ।
৩.
অনেকেই মনে করে বাংলাদেশে সব চেয়ে বড় মাস্তান হলো পুলিশ, কারন বাংলাদেশের বৈধ্-অবৈথ সব সরকারই তাদেরকে ব্যবহার করেছে বা করছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য । বর্তমান সরকারও করবে-এটাই স্বাভাবিক । কারন এরা যেমন মাস্তানি করতে পারে তেমনি ছাই দিয়ে দড়িও পাকাতে পারে । বলাবাহুল্য, সেভেন মার্ডারে এদের কিছু হয় না, শত শত ক্রস ফায়ারে একটা গুলিও গায়ে লাগেনা, প্রতিদিন বন্দুক যুদ্ধে একজনও শহীদের মর্যাদা পায় না; এত দক্ষ এবং কড়িৎকর্মা অামাদের এই পুলিশ বাহিনী । অথচ সেই পুলিশ কিনা অাজ অামাদের ছোট ছোট ছেলেমেয়েদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখাতে বাধ্য হয়েছে !
৪.
অাজ ১৬-ই শ্রাবণ, রোদ-বৃষ্টির খেলাতে প্রকৃতি এখনো মাতোয়ারা । এরই মাঝে কিছু সাদা মেঘ, লাল ও সবুজের গায়ে শুভ্রতা ছড়াতে চায়; যেন প্রায় হারিয়ে যাওয়া পাতকুয়োর জলে অাবার অাকাশ দেখা যায় ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


