
যে মেয়েটি এখনো নদীকেই চিনতে পারেনি
তার বুকেও ঢেউ জাগে, ছলাৎ ছলাৎ;
সে শুধু হাঁটেনা । নাচে । নেচে নেচে হাঁটে
তার বিষন্ন সকাল কিংবা উদাস দুপুর বলে কিছু নেই,
সারাক্ষণ সে হাসে চুড়িভাঙ্গা কাঁচের মতো;
দয়াল বাবার তাবিজ কিংবা বট বৃক্ষের সুতো দিয়ে
সে দিব্যি বানাতে পারে বেগুন গাছের ভূত
যেখানে অনায়াশে মিলতে পারে চড়ুইভাতি সুখ
সে বুঝতে পারেনা গোধূলির সাথে পাল্লা দিয়ে
একদিন সন্ধ্যা কিভাবে ডেকে আনে অমাবস্যা,
লণ্ঠন হাতে মা যেদিন খুঁজে খুঁজে হয়রান
মেয়েটি সেদিনও নদীকে চিনতে পারেনি,
সে শুধু জলের পরিবর্তে দ্যাখে রক্ত
আর শুনতে পায় এক জীবনের চিৎকার ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


