একটা ফুল নিয়ে এলাম তোমার জন্য অনেক খুঁজে পেলাম অথবা বলা যায় অলৌকিক ভাবে।
জানো তো! এ সময় সব বরফে ঢাকা থাকে; ফুল-পাতা কিছুই নেই শুধু ন্যাড়া জমিন। শীতল হাওয়ার কাঁপন।
গ্রন্থি মেলার প্রত্যাশায় কুঁকড়ে থাকে। সূর্য এবং বসন্ত আগমন অপেক্ষায়।
এমন সময় ফুল কোথায় পেলে তবে?
হাঁটছিলাম ধূসর পৃথিবীর পথ ধরে। আকাশ ছিল ঘোলাটে। মেঘ যেন নেমে এসেছে মাটির কাছে।
ধুঁয়া ধুঁয়া কুয়াশার চাদর সরিয়ে দূরে নদীর কাছে ছেড়ে যাওয়া পাখিদের বাসা বাতাসে কাঁপে
বরফের তলে মাছের সাঁতার স্তব্ধতার ঘেরাটোপে খানিক প্রাণের আভাষ।
বরফের পর্দা সরিয়ে মাছ দেখতে যাই। অভ্যাস হয়ে গেছে প্রতি শীতে। খানিক জীবনের সন্তরণ।
জলের অন্য রূপ, কঠিন জলের উপর হাঁটা চলার আনন্দটুকু মন্দ নয়;এই নিস্তরঙ্গ জীবনে।
বাহ্ বেশ তো! এরপর আমাকে নিয়ে যেও সাথে।
যদি পৃথিবীটা বদলে না যায়। যদি আদি এবং অনাদি স্বপ্নময় চারণভূমি আমাদের ভালোবেসে এক রকম বয়ে যায়।
ফুলপাতার ছন্দ তুলে। শীতে জমাট বাঁধে জল শীতল অবগাহনে ঘুমায় খানিক স্থির হয়ে।
ধীর-উষ্ণতায় বসন্ত সাজায় বাসর।
সবুজ এবং উত্তাপ; ধূয়ে দেয় সমস্ত স্যাঁতসেঁতে গুমোট, অলসভাব।
আলোকের ঝর্ণাধারা বইয়ে উতপ্ত হয়, হালকা হয়, গম্ভীর প্রকৃতি পাখির গানে প্রজাপতির ডানায়।
এই চির চেনা চিরন্তন পথ যদি আনন্দধারায় বহমান থাকে এক রকম।
তবে সুযোগটা পাওয়া যাবে। তোমাকে নিয়ে যাবো ভালোবাসা।
জানো, এবারে জমাট জলের ভূমিটা পেলাম না সময় মতন। হাঁটা হয়নি কঠিন বরফ শীলার উপর পা ফেলে।
সব ভাঙ্গা কাঁচের মতন ভেসে যাওয়া স্ফটিক; ঢেউ তুলে নাচ ছিল, জলের ছুটাছুটি আর বাতাসের হুটোপুটিতে।
ঠিক জানি না আনন্দে অথবা অসহযোগ। তবে বদলে যাওয়ার ঘ্রাণ পেলাম চারপাশে।
সেইখানে রঙিন এই ফুলটি পেলাম নৃত্যরত। জানি না আদি আবাস কোথায়।
কোন ভূমিতে জন্ম নিয়ে ভেসে এসেছে এই সুদূরে। আমার প্রেমের আখ্যান হবে বলে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



