স্বপ্নগুলো রাত পেরিয়ে সময়ের চৌকাট মাড়িয়ে
উড়ুক উড়ুক মেঘের ভেলায়
আকাশ দেখব বলে বসেছিলাম; মেঘ ঢেকে আছে সব নীল।
স্বপ্ন দেখব বলে, ঘুমিয়েছিলাম, শব্দ ঘুম ভাঙ্গিয়ে দিল।
এই শোন, এখন আকাশের সময় নেই মেঘ নিয়ে খেলার
ভালোবাসার সময় নেই হৃদয় খুলে দেখার,
জল আর মেঘ মিলে একাকার হওয়ার।
তবুও স্বপ্নগুলো অপেক্ষায় থাকে, চাতক চোখে।
স্বপ্নের ডানা গুটিয়ে ধানশালিকের খুটে খাওয়া,
ফড়িংয়ের উড়াউড়ি দেখে, অপেক্ষার প্রহর গুনে-
প্রজাপতির বর্ণময় ঝিলিমিলি পাখায় উড়ে পাতায় পাতায়
অন্তরের ছোঁয়ায় ছোঁয়ায়।
রহস্যময় রূপালি সিম্ফনি ঘিরে থাকে প্রাণের আকুল ছন্দ।
ভেবোনা, মহুয়া মাদল সুরের তাল ঠিক জাগবে ঢেউয়ের মাতনে,
রোমে রোমে এক অনুভবে।
অপেক্ষার প্রহর পেরিয়ে
বেরিং সাগরের পাড় থেকে বয়ে যাবো গ্লোসিয়ার বেয়ে যেদিক খুশি.......
কবে হবে সময় ঝুল বারান্দায় জোছনা হয়ে গড়াগাড়ি খাওয়ার
বেদনা আর শূন্যতার জানলাগুলো বন্ধ করে দেয়ার-
একফালি চাঁদ খোলা আকাশের গায়ে হেলান দিয়ে থাকার।
এসো হৃদয়ের কথা বলি সঙ্গোপনে
তৃষিত চাতক হৃদয় গহীনে
পূর্ণিমা জলছবি সাম্পনে ভাসি
আলো ও আধাঁরের মধ্যিখানে
আকুল চৈত্র খরা বরষনে ডুবি শুধু ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




