নিথর ঘুমের মতন সময়গুলো মেঘের চাদরে মুড়ে আছে।
খই রঙা হাঁস হারিয়ে ফেলেছে সীমানা। কাঁদছে করুণ স্বরে।
বেলা অবেলার কথা বলা, নীল খামের চিঠি বহুদিন পরে এলো
উদাস সময়ে গোলাপের পাপড়ি ছড়িয়ে।
একরাশ অভিমান দুচোখে বন্যা নামাতে চায়।
অথচ ব্যস্ত সময় ককটেল হুলুস্থুল।
সময় বয়ে গেছে বহুদূর;
চড়া পরা নদী একা বালুকার সরোবর।
তুমি পরে আছো ছন্দহীন।
এমন অবেলায় মনে পরল তোমার!
ঘুমকে কাছে ডেকে নাও শান্ত দীঘি হয়ে যাও।
আমি নিথর সময়েও উড়ছি বলাকা ডানায়
খইরঙা হাঁসটিকে পথ খুঁজে দিব বলে।
কান্না এবং কথাগুলো জমা থাক এখন
কখনো সময় পেলে উষ্ণতায় বরফ গলানো যাবে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



