
শেষ কবে হেসেছি
সত্যি মনে নেই
একদম মনে নেই
শেষ কবে কেঁদেছি
তাও মনে নেই
তিন সত্যি !
হতে পারে নোনাজল উড়ে গেছে
মেঘের মতন পাশ কাটিয়ে বহুদূর
আমার জন্য ওর সময় নেই।
শেষ চুমুটা !
তাও ভুলে গেছি বেমালুম
আজকাল বড্ড হয় ভুল
ভুল হতে হতে জনম শেষ।
জন্মের তারিখটা মনে আছে
তাও বাবা লিখে রেখেছেন বলে
মরণ তারিখ খোদা লিখে রেখেছেন
জন্মানোর বহু আগেই
ও নিয়ে বিশেষ আগ্রহ তেমন নেই
সব ফুরায়
সকলেই তো যায়
আমার এতে রাগ গোসসা
এমনকি এক বিন্দু দুঃখ নেই !
ইদানীং একলা লাগে না আর
সকাল থেকে রাত
ভাবতে বসি না
কেমন যাবে সংসার ?
খুব বেশি চুপচাপ
দৃষ্টি ফাঁকা
শরীর খুঁজে না শরীর
খেলা হচ্ছে ইশ্বর ভার্সেস আমি!
বড্ড জেদ চেপেছে আজ
দেখি না,
কার হয় জিত
কার হয় হার !
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



