
আমরা যা শুনছি তা হলো শোরগোল
এবং প্রতিটি শোরগোল আমাদের মুখ নিঃসৃত।
যে মা দাঁড়িয়ে থাকে বিদ্যালয়ের সামনে,-সন্তানের ছুটির অপেক্ষায়
যে কৃষক ব্যস্ত ফসলের ক্ষেতে
শোরগোল শোনার সময় তাদের কোথায়?
শোরগোল ইতিহাস নিয়ে
শোরগোল সাহিত্যের পাতা নিয়ে
শোরগোল মূল্যবোধ নিয়ে
ধর্ম নিয়ে
মনুষ্যত্ব নিয়ে
বাঙালীত্ব নিয়ে,
প্রতিটি শোরগোল আমাদের মুখ নিঃসৃত।
আমরা চলেছি বাজার করতে
মূল্যবোধের বাজারে,বাঙালীত্বর বাজারে,ইতিহাসের বাজারে
পসরা সাজিয়েছে একদল বাটপার সুশীল বিক্রেতা।
রাজনীতির বাজারে পসরা সাজিয়েছে একদল কাউয়া।
ধর্মের বাজার সব সময় সরগরম
এখানে কে যে বিক্রেতা,আর কে দালাল
তা বোঝার আগেই ক্রেতার হাত হতে ঈশ্বর ছিনতাই হয়ে যায়।
সাহিত্যের নিম্নগামী বাজারে মৌসুমী ফলে ভরা।
আমরা যা শুনছি তা হলো শোরগোল
এবং প্রতিটি শোরগোল আমাদের মুখ নিঃসৃত
আসুন শোরগোলের লোভনীয় বাজারে,শোরগোল করতে।
২৮/০৪/২০১৭
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



