কেউ জানতো না ছেলেটি দাঁড়িয়ে আছে দরজায়
পলেস্তার খসে পড়া দেয়াল সাক্ষী দেয় প্রাচীনত্বের
কাঠের বিশাল দরজা তাকে ভাসিয়ে রেখেছে আমার কাছে
আমরা দু'জন মুখোমুখি হই
ছেলেটি হাসে,বলে
-এই মাত্র তোমার বাবা বাজার করে এনেছেন।
বাবাকে খুব দেখার ইচ্ছা হলো
ছেলেটি বলে সম্ভব নয়।
আমি চুপ করে দাঁড়িয়ে থাকি রাস্তায়
ছেলেটি দরজার সামনে
রুপা বই বুকে চেপে চলে যায়,
যাওয়ার সময় আড়চোখে ছেলেটিকে দেখে নেয়
ছেলেটি রুপার চলে যাওয়া দেখে,তারপর আমাকে বলে-
রুপারা ভারতে চলে গিয়েছে অনেক আগে।
বুকের মধ্যে অজানা এক অনুভূতি দানা বাঁধে
আমার খুব ইচ্ছা হয় দরজা খুলে বাড়ির ভেতরে যেতে
ছেলেটিকে অনুরোধ করি সরে যাওয়ার জন্যে,
বলি আমার বাবাকে দেখতে দাও।মাকে দেখতে দাও
ছেলেটি হাসে শুধু,আর ঠায় দাঁড়িয়ে থাকে
আমি বুঝতে পারি আমার চোখ ঝাপসা হয়ে আসছে
ছেলেটিও ঝাপসা হতে শুরু করে আর মিশে যায় আমার গোপন অস্তিত্ত্বে।
আমি পা বাড়াই জীবনের পথে।
১৯/১১/২০১৭
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


