সরিষার ক্ষেত পেরিয়ে মিষ্টি রোদ চলে আসে মহাসড়কে।দূর হতে
মনে হয় রাস্তা শেষ ওই বৃক্ষের বনে। কাছে এলে ভুল ভাঙ্গে। বৃক্ষ সরে
যায় দু'পাশে।
খুব ছোট বেলায়,লাল দিঘির পারে যখন দাঁড়াতাম, হাঁসেদের জল কেটে পথ চলার
দৃশ্য চেপে বসতো শিশু মনে।লাল ইটের বাড়িটি আজও শ্রীহীন যেমন ছিল শিশুকালে।
দৃশ্যপটের বাহিরে এসেই হয়তো জানতে হয় দৃশ্যপটকে।
ঝিমুনী ধরা পথ চলা থেমে যায় সিরাজগন্জে।সাময়িক যাত্রাবিরতি।পথ চলতে
জীবনেরও প্রয়োজন বিরতির।ঠিক চোখের পলক ফেলার মত বিরতি। প্যাঁচিয়ে
থাকা দিনগুলি পরস্পর পরস্পরকে ভালোবাসে সমান্তরালভাবে।
মিষ্টি রোদে ছায়াগুলি হাসতে হাসতে আমাকে অতিক্রম করে।কোন রকম
বিদায় সম্ভাষণ ছাড়াই।কে কাকে বিদায় জানায়? নাকি ফিরে আসতে চায়?
যেভাবে ফিরে আসে কিশোরী অতীতসময় পেরিয়ে,পূর্ণাঙ্গ নারী হয়ে। আর
মধ্যবয়স্ক তরুণ কিশোরদৃষ্টিতে চেয়ে থাকে তরুণীটির দিকে নিষিদ্ধ সময়ের ঘেরাটোপে।
ছায়াগুলি খেলছে চলন্ত গাড়ির জানালায়,যেভাবে স্মৃতি খেলে নিউরনে।
২৮/০১/২০১৮
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




