চারপাশে ধ্বংসস্তুপ, তার মাঝখানে একটা
সদ্য নতুন, বারান্দাওয়ালা কোঠাবাড়ি
এই ভুমি আমাদের পিতৃপুরুষের ভিটে, কিন্তু বাড়িটা আমাদের নয়।
রাত্রির প্রহরে সব লোকজন চলে যাবার পর
একটা খাটে শুয়ে আছি আমি আর স্বাতী
এটা স্বাতীর না-দেখা শ্বশুর-শ্বাশুড়ির গ্রাম, মূল বাড়ি
যদিও নিশ্চিনহ
ঘুম আসবার আগে সে কি ভাবছে, আমি জানি না
চতুর্দিকে প্রচুর গাছপালা, কিন্তু আমি যাদের চিন্তাম
সেইসব মানুষ ও প্রকৃতি কিছুই নেই
উঠোনের জাম্বুরা গাছটি ছিল আমার খুবই প্রিয়
পঞ্চান্ন বছর পর সে গাছ আর থাকবে কী করে?
উঠোনটাই তো নেই!
নিজেকেই প্রশ্ন করছি, কেমন লাগছে হে?
এই অনুভূতির ব্যাখ্যা করা খুবই কঠিন
কেন এই প্রিয় গ্রাম ছেড়ে গিয়েছিলাম?
এ প্রশ্ন আকাশের কালপুরুষকে জিজ্ঞেস করা উচিত
কিংবা যারা আগুন জ্বেলে মানচিত্র কাটাকুটি করে
কী যেন একটা রাতপাখি ডাকছে
দেশভাগের পর আমাদেরও অনেক পরে আমার জ্যাঠামশাই
এই ভিটেমাটি ছেড়ে চলে গিয়েছিলেন
যারা পাকিস্তান দাবি করেছিল তাদের ভয়ে
বাবা- জ্যাঠারা কেউ তো বেঁচে নেই
অর্ধেক শতাব্দিরও পরে আমি গাঙ্গুলি বাড়ির ছেলে ফিরে এসেছি
ফিরতে তো চাইনি
বুকের মধ্যে গ্রামটা রয়ে গেছে, কিন্তু আমি তো এখন সারা
পৃথিবীর নাগরিক
তবু আমাকে ফিরিয়ে এনেছে
এই মাইজপাড়া গ্রামেরই মানুষ রাজ্জাক হাওলাদার
সেও এখন থাকে পৃথিবীর অন্যপ্রান্তে
আমরা দু’জনে কেউই দেশভাগের শরিক নই
আমাদের পরিত্যক্ত এই ভিটেয় আমি এসে বাড়ি বানাইনি,
এটা রাজ্জাকেরই কল্পনা
এখানে স্কুল হবে, লাইব্রেরি হবে, মেলা হবে
রাত্তিরবেলা পাত পেড়ে পাশাপাশি খাচ্ছে হিন্দু- মুসলমান
দেশভাগের ইতিহাসে এ ঘটনারও স্থান থাকা উচিত নয়? আমার
কিছুতেই ঘুম আসছেনা
রাতপাখিটা ডেকেই চলেছে
এমন একটা রাত ঘুমিয়ে নষ্ট করার কোনও মানে হয় না
মনে পড়ছে অস্পষ্টভাবে আমার ঠাকুমার চেহারা
প্রাচীন স্নেহের হাতে আমার মাথায় হাত বুলিয়ে
আদর করছেন তিনি
আর নীলোফারের মুখটা মিলেমিশে গেছে আমার
অল্পবয়সি মায়ে সঙ্গে...............
দেশভাগের দুঃখ, কষ্ট, বেদনা সব মিলেমিশে একাকার হয়ে আছে প্রতিটি পংতিতে।
কতো সহজেই ভাগ হয়ে যায় মাতৃভুমি। মানচিত্রের উপর কালির আচঁড়।
নিজভুমে পরবাসী, উদবাস্তু.........
দেশভাগ তারা চেয়েছিল কিনা কেউ একবারও সে প্রশ্নও করেনা।
এ লিখাটি আমি এ কারনেই আপনাদের সাথে সেয়ার করলাম......
আমার পিতৃপুরুষের ভিটেমাটি আজ আমার কাছে পরবাস।
এ কষ্ট আমি জানি, আমি দেখেছি। আমার বাবা কে জীবনে প্রতিনিয়ত হার মানতে
একটি শব্দের কাছে...... তা হচ্ছে উদবাস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


