তোমার আনন্দ হলো তোমারই মুখোশবিহীন দুঃখ
যে জলাধার থেকে উঠে আসে তোমার বাঁধভাঙ্গা হাসি,
সে জলাধার কতো বার ভরেছিল তোমারই অশ্রুতে।
এর অন্যথা কি করে হবে?
তোমার অস্তিত্বে দুঃখ যতো প্রগাঢ় খোদিত
ততো বেশি সুখ ধরে তাতে।
যে পানপাত্রে রেখেছো তোমার সরাব
সে পাত্র কি কুমোরের চুল্লিতে হয়নি পোড়ানো?
যে বীনার সুরধ্বনি হৃদয় জুড়ায়
সে বীনা বানাতে গিয়ে ছুরি দিয়ে কাঠ তার হয়নি খোদাই?
সুখের মুহূর্তে দেখো হৃদয়ের গভীরে তাকিয়ে,
দেখবে, এককালে যা ছিল তোমার দুঃখের কারণ
সে দুঃখ আজ কিন্তু সুখেরও কারণ।
দুঃখভারাক্রান্ত হলে ফের দেখো হৃদয়-গভীরে,
দেখবে, যে জন্য তুমি আজ ভাসছো অশ্রুজলে,
একদিন তা-ই ছিল তোমার সুখের আধার।
কেউ কেউ বলে থাকো, “দুঃখের চেয়ে সুখই মহান,’
অন্যদের ভাষ্য হলো, “না, দুঃখই মহান।‘
তোমাদের বলে যাই, সুখ দুঃখ অবিভাজ্য।
ওরা জোড়ায় জোড়ায় আসে,
একজন তোমার পাশে নিঃসঙ্গ যখন বসে
অন্যজন তোমার শয্যায় শুয়ে বিভোর ঘুমায়।
বস্তুত তুমি নিক্তির দুপাল্লার মতো ঝুলে আছো
সুখ ও দুঃখের মাঝ বরাবর।
নির্ভার হও যদি
তবেই সুস্থির হবে, হবে ভারসাম্যময়।
রত্নের মালিক তাঁর সোনারুপা মাপেন যখন,
তোমাকে পাল্লায় চড়ান,
তোমার আনন্দ দুঃখ তাই ওঠে কিংবা নামে।
আনন্দ বেদনা
কাহ্্লিল জিব্রান
অনুবাদ= সুরেশ রঞ্জন বসাক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


