বহুদিন পরে আজি তুমি এলে মা
আমার শিয়য়ের কাছে;
শুধালে, ‘কেমন আছিস্ রে খোকা ?
কেন রে কি হয়েছে তোর ?
তখন তো হতো কাক ডাকা ভোর
জেগে উঠতিস্ স্কুলে যাবি তুই।
বিছানায় পড়ে আছিস্ এ বেলা ?
আর এতদিনে কত রোগা হয়েছিস্
মুখে নেই উজ্জলতা বিষণ্ণ যেন’।
সেই যে হারিয়ে গেলে মা তুমি
কত মায়ের মুখে তোমাকে খুঁজেছি
জানো ?
কোথাও পাই নি তোমার এ হাসি মুখ
সে বেলার মতো আমার স্কুল ব্যাগ
কাঁধে নিয়ে চলে।
জানো মা, ঐ যে হরি কাকা আমার
বই পত্তর কাঁধে নিয়ে গেছেন
তা বহুদিন।
তিনিও তো হঠাৎ হারিয়ে গেলেন।
এখনো কি আছি তোমার ছোট্ট খোকা ?
বড় হয়ে গেছি দ্যাখো !
এখন আর কেউ আমাকে বলে না
ঘুমোতে সময়মত।
সারারাত জাগি, আর স্কুল ব্যাগ ?
এখন তো পাহাড়ের মত বোঝা
আমার কাঁধে সতত।
জানো মা, কুঁজো হয়ে যাই; হাঁপাই না।
‘পাশেই দুধের গ্লাস রেখে গেলাম;
খেয়ে শুয়ে পড়িস্ , সোনা’।
চোখ মেলতেই, না পেলাম মাকে
না পেলাম দুধের গ্লাস;
পেলাম চোখে সে কুয়াশার প্লাবন
হৃদয় চিড়ে দীর্ঘশ্বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


