তোমাদের শরীরে বসে রঙিন প্রজাপতি
সাইয়িদ রফিকুল হক
তোমরা হলে আসল মানুষ!
তোমাদের গায়ে বসে না মাছি,
সুখনিদ্রা ভঙ্গ হয় না কারও কোলাহলে,
আরব-শেখদের মতো তোমাদের
তেল-চকচকে শরীরে
ঢেউ খেলে যায় মহানন্দে বিলাসিতার!
তোমাদের হৃদয় কখনও কাঁপে না
পথবাসীমানুষের দুঃখে,
তোমরা কেবল হাসতে শিখেছো,
আর পৃথিবী হাসে তোমাদের দেখে।
আরব-শেখদের মতো তোমরা অবাধে
ঘুরে বেড়াও ফুলে-ফুলে!
তোমাদের ভালো লাগে রঙিন-ফুল!
আর ভালো লাগে ফুলের বাগান,
আর কতো রঙিন-ফুল ঝরে যায়
শুধু তোমাদের অনাচারে,
আবার কখনও সাদা-কালো ফুলগুলো
রঙিন হওয়ার আগেই তোমরা
শুষে নাও তার সঞ্জীবনী-সুধা!
তোমরা এই সমাজের খুব ভালোমানুষ,
তোমাদের নামে গানের জলসা বসে,
তোমাদের নামে চলে নান্দীপাঠ!
আর ওয়াজেও শুনি তোমাদের নাম।
তোমরা নাকি খুব বড় দানবীর!
অচেনা-টাকায় গড়ে তুলছো তেজারতি,
আর সেই টাকার পাহাড় থেকে
চিমটি কেটে-কেটে বানিয়েছো
মসজিদ-মাদ্রাসা-এতিমখানা,
তোমাদের মৃত্যুর পরে কাঁদবে
তোমাদেরই হাতে-গড়া এখানকার
নাম জানা-অজানা রেডিমেট-হুজুর!
আর প্রতিদিন তোমাদের নামে
তারা ওয়াজ করে-করে
তোমাদের পাঠিয়ে দেবে চিরতরে জান্নাতে!
কে পারে তোমাদের সাথে?
তোমরাই রাজা দুনিয়া-আখেরাতে!
তোমাদের সুগন্ধীদেহে
কখনও বসে না মাছি,
তোমাদের কাছে উড়ে-উড়ে আসে
শুধু রঙিন-রঙিন প্রজাপতি!
তোমরা প্রজাপতি খুব ভালোবাসো,
আর প্রজাপতিগুলো ভালোবাসে তোমাদের,
তাই তোমাদের গায়ে শুধু তারা বসে!
তোমরা তাদের কখনও নিরাশ করো না,
এ তোমাদের কতোবড় মহানুভবতা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


