
যারা সস্তার প্রতি আস্থাশীল
সাইয়িদ রফিকুল হক
চিন্তা কোরো না বন্ধু, মনখারাপের কী?
ভালো খাবারগুলো এরা চেখে দেখে না,
সস্তা মুখরোচক এদের প্রিয় খাবার,
এরা মানুষ সস্তা, এদের সব সস্তা,
সস্তার প্রতি এরা তাই এত বেশি আস্থাশীল।
এই জীবনে যারা বেড়ে উঠেছে অতীব সস্তায়,
তাদের হাতে আজ কেনই-বা উঠবে মূল্যবান সামগ্রী?
সস্তায় আকর্ষণ বাড়ছে তাইতে সব সাধারণের।
যারা সবসময় অতিসস্তার প্রতি খুব আস্থাশীল,
তাদের মনোযোগ কখনো হবে না তোমার প্রতি।
এখানে আজকাল সস্তার দারুণ একটা বেসাতি!
খুব সস্তায় তাই কেনাবেচা হচ্ছে শিল্পসাহিত্য
আবার কখনো-বা আমাদের ঐতিহ্য কিংবা সংস্কৃতি!
সস্তার খরিদ্দার খুব বুকফুলিয়ে ঘোরাফেরা করছে,
চিন্তা কোরো না বন্ধু, এত সস্তা কখনো টেকে না বেশিদিন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৮/২০২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


