
আবার ফুটবে ভালোবাসার ফুল
সাইয়িদ রফিকুল হক
শহরের মাথাগুলো ভিজে গেছে বিষে,
বারুদে ডুবে আছে ফুলের মতো হৃদয়!
যে-হাত একদিন ভালোবাসতো কলম
সেই হাত আজ খুব ব্যস্ত কালোটাকা গুণতে!
মানুষের পাপ বহন করে-করে
আজ আমাদের প্রকৃতির মাথা খারাপ!
আগের মতো তাই আর দেখি না আলো,
পাই না তার মনোমুগ্ধকর সেই সুবাতাস!
মানুষের মগজে যখন পুরোপুরি মিশে গেছে
অসহনীয় তাপমাত্রার এক জিঘাংসা!
তখন কেউ আর কাউকে অমূল্য বিশ্বাসে
মনখুলে ভাবে নাকো ভালোবাসার কথা।
তবুও এক আশাবাদী বসে আছে এই শহরে,
একদিন মানুষের মগজগুলো কেউ-একজন
ধুয়েমুছে সাফ করে দিবে ডেটল-সাবানে,
সেদিন প্রকৃতির বুকে ফুটবে আবার ভালোবাসার ফুল!
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
সাইয়িদ রফিকুল হক
১৬/০১/২০২১
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


