সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শুনে জীবনে একবার দরূদ শরীফ পাঠ করা ফরজ। একই মজলিসে একাধিকবার নাম মুবারক উচ্চারিত হলে একবার দরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, আর প্রতিবারই দরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব।
তদ্রুপ শরীয়তের হুকুম হচ্ছে আল্লাহ পাক-এর রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক লিখার সময় সম্পূর্ণ দরূদ শরীফ লিখা ওয়াজিব। এক্ষেত্রে যদি কেউ সংক্ষেপে (সাঃ) বা (দঃ) লিখে তবে তা হবে মাকরূহ তাহ্রীমী। (মাআরিফুল কুরআন)
অনূরূপভাবে তাফসীরে জালালাইন শরীফে উল্লেখ করা হয়েছে,
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শুনার পর দরূদ শরীফ মুখে উচ্চারণ করা ওয়াজিব, অনূরূপভাবে কলমে লিখাও ওয়াজিব। অর্থাৎ কলমে লিখতে হলেও পূর্ণ দরূদ শরীফ ও সালাম “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” সম্পূর্ণটাই লিখতে হবে। সংক্ষিপ্তাকারে লিখা আমভাবে মাকরূহ তাহ্রীমী আর খাছভাবে কুফরীর অন্তর্ভূক্ত।
তাহতাবী আলা দুররিল মুখতার কিতাবে উল্লেখ আছে-
অক্ষর দ্বারা দরূদ শরীফ লিখা মাকরূহ বরং পরিপূর্ণভাবে দরূদ শরীফ লিখবে।(তাহতাবী আলা দুররিল মুখতার, ১ম জিলদ্ পৃষ্ঠা-৬)
তাতারখানিয়া কিতাবে এ ব্যাপারে আরো কঠিন ফায়সালা বর্ণিত হয়েছে এবং সংক্ষিপ্ত দরূদ শরীফ লিখাকে “শানে নুবুওওয়াত” খাটো করার অন্তর্ভূক্ত বলা হয়েছে। যেমন উল্লেখ করা হয়,
“যে ব্যক্তি হামযা ও মীম দ্বারা দরূদ শরীফ লিখলো সে কুফরী করলো। কেননা উহা এহানত বা অবজ্ঞা। আর নবীদের শানে এহানত বা অবজ্ঞা নিঃসন্দেহে কুফরী।”
আর তাই নির্ভরযোগ্য আরবী তাফসীর, হাদীস শরীফ ও ফিক্বাহ্র কিতাবের কোথাও “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” সংক্ষিপ্তাকারে লিখা হয় না। অনুসরণীয় বুযূর্গ, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহিমগণ হাদীস শরীফ বা অন্যান্য কিতাবের যেখানেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক লিখেছেন, এমনকি এক লাইনের মধ্যে একাধিকবারও যদি হয় তথাপিও দরূদ শরীফ ও সালামসহ “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” লিখেছেন। আর এটাই শরয়ী বিধান।
কিন্তু বর্তমানে প্রকাশিত প্রায় সবধরণের কিতাবাদী, বই-পুস্তক, পত্র-পত্রিকা ইত্যাদিতে দেখা যায় সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক শেষে সংক্ষেপে দরূদ শরীফ লিখে থাকে। এই সংক্ষেপে দরূদ শরীফ লিখার কারণ হিসেবে যা প্রকাশ পায়, তা হলো সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক বারবার দরূদ শরীফসহ লিখতে বেশী কাগজ লাগা, বেশী সময় লাগা ইত্যাদি।
উল্লেখ্য, যাঁর প্রতি ফিরিস্তা আলাইহিমুস সালামগণসহ স্বয়ং আল্লাহ পাক দরূদ শরীফ প্রেরণ করেন এবং মানুষকে দরূদ শরীফ পাঠ করতে আল্লাহ পাক আদেশ করেছেন এবং অসংখ্য হাদীস শরীফে দরূদ শরীফ পাঠের ফযীলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বিপরীতে দরূদ শরীফ পাঠ করতে যারা গাফলতী করে, তাদের সম্পর্কে হাদীস শরীফে অনেক দুঃসংবাদ রয়েছে এবং তাদের শেষ ফায়সালা হলো জাহান্নাম। এখন ফিকির করা দরকার যারা দরূদ শরীফ লিখার সময় সামান্য কাগজ বাঁচানোর জন্য সংক্ষেপে দরূদ শরীফ লিখে তাদের কি অবস্থা হতে পারে?
হুদাইবিয়ার সন্ধিতে কাফিররা হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু কতৃক “ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” লিখা অপছন্দ করেছিল এবং তা কেটে দেওয়ার কথা বলেছিল, কিন্তু হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তা করেননি। সম্পূর্ণভাবে দরূদ শরীফ লিখার ফযীলত বর্ণনা করতে গিয়ে কিতাবে লিখা হয়,
বিখ্যাত মুহাদ্দিস ও ইমাম, হযরত ইমাম আবূ যুরয়া রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার কিছুদিন পর একজন বুযূর্গ ব্যক্তি তাঁকে স্বপ্নে দেখেন যে, তিনি আকাশে ফিরিস্তা আলাইহিমুস সালামগণের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। (সুবহানাল্লাহ্) বুযূর্গ ব্যক্তি বললেন, হে হযরত ইমাম আবূ যুরয়া রহমতুল্লাহি আলাইহি! আপনি এই ফযীলত বা মর্যাদা লাভ করলেন কিভাবে? জবাবে, হযরত ইমাম আবূ যুরয়া রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার জীবনে ১০ লক্ষ হাদীস শরীফ লিপিবদ্ধ করেছি এবং যতবারই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম মুবারক লিখেছি এবং তা পূর্ণভাবে লিখেছি। তাই এর বদৌলতে আল্লাহ পাক আমাকে ফিরিস্তা আলাইহিমুস সালামগণের ইমাম বানিয়ে দিয়েছেন। (সুবহানাল্লাহ্)
অতএব, আমরা সকলে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি পরিপূর্ণ আদব রক্ষার্থে তাঁর নাম মুবারক শুনে যেরূপ দরূদ শরীফ পড়ি, তদ্রুপ তাঁর নাম মুবারক লিখার সময় সংক্ষিপ্তাকারে দরূদ শরীফ যেমন- (সাঃ), (ছঃ), (দঃ), (Pbuh), (Pbh), (D), (S), (Sm), (ﺻﻠﻠﻢ) ,(ﺻﻠﻌﻢ) ,(ﻋﻢ) ,(ﺹ) ইত্যাদি লিখা হতে বিরত হয়ে সম্পূর্ণ দরূদ শরীফ লিখার মাধ্যমে তাঁর প্রতি পরিপূর্ণ আদব রক্ষা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। (আমিন!)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



