সিঙ্গেলটন হাসপাতালের কনসালটেন্ট
ডাক্তার বাংকের শান্ত সৌম্য মূর্তি
প্রতীচ্যের বিনয়ের অবতার যেন -
সরাসরি জানাতে দ্বিধা তাঁর
তবু যুবক বুঝে নেয় নিমেষেই
প্রস্তুতিহীন এ অবেলায়
এসেছে সমন - ওপারের ডাক।
একে এক হয় এক্সরে, প্যাথলজী, স্কানিং
প্রতীক্ষিত অস্ত্রপাচার- ক্যামোথেরাপি
মৃত্যুবিরোধী বিজ্ঞানের যত আয়োজন-
অমর প্রয়াসী নির্ভীক যুবক জানে
তবু একদিন নব বধুঁর মতোই
সমর্পিত হয় মানব
সমর্পিত যে তাকে হতেই হয়।
বিক্ষত ফুসফুসে মৃত্যুকোষ
যুবক দেখে নির্মম সময়ের সসীমদিগন্ত
তবুও সে হয় না এতোটুকু উদভ্রান্ত
ঋজু প্রত্যয়ী যুবকের ক্লান্তিহীন পথ চলা
স্বপ্নে বিভোর সে সত্যম-শিবম-সুন্দরমে।।
পাদটীকা: তাজা কলমের জীবনে এক ভয়াবহ দূর্যোগকালীন সময়ে লেখা এ কবিতা। তখন দূরদেশ, বিলেতে তার বাস। হঠাৎ করে ঠান্ডা লাগায় হয় ভয়ানক কাশি। ডাক্তারের কাছে গেলে বুকের এক্সরে করায়। ধরা পরে ফুসফুসে ক্ষত। একপর্যায়ে হাসপাতালের কনসাল্টেন্ট ডাক্তার ডায়াগনসিস করে ফুসফুস ক্যানসার। শুরু হয় অনেক ধরণের পরীক্ষা নীরিক্ষা। এভাবে প্রায় তিন মাস! তাজা কলম দেশে এ ব্যাপারে কাউকে কিছু জানায় না, নিকটজনরা কষ্ট পাবে বলে। অত:পর তিন মাস পরে জানা গেল এটি ক্যানসার নয়, সাইকোডাইসিস। সাইকোডাইসিসে মানুষ কচিৎ আক্রান্ত হয় এবং এটা কোন ভয়াবহ কোন অসুখ নয় বলে ডাক্তাররা জানান (পরে অনেক মেডিক্যাল গবেষণা পত্রেও তা সে পড়েছে)। যা হোক, ঐ তিনটি মাস ছিল তাজা কলমের জীবনের এক দু:স্বপ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


