মেরীপুত্র যীশুর মতোন আমার জন্মও অলৌকিক
কিংবা প্রতিটি জন্মই অলৌকিক বিগব্যাং
পরমপ্রিয় বায়োলজিকাল পিতামাতা নিমিত্ত মাত্র
করেনি কেউ তোয়াক্কা আমার ইচ্ছে অনিচ্ছের
তখন তো বিমূর্ত আমি বোধের অতীত ।
হয়তো বা সেই জাদুকর ভালোবেসে তোলেছিল সেতার ঝংকার
'ক্কুন ....'
শব্দ হুকুমে মাটির পুতুল ওঠে নড়েচড়ে, প্রাণ পেলাম আমার আমি
জন্ম নেয় বোধের অতলে বোধ।
জাতিস্মর স্মৃতি নেই, জানিনে সত্যকাহন
যুক্তির আখরে শুধু বুঝি
শূন্য থেকে আসা আমি নিশ্চিত একদিন যাব শূন্যে মিশে।
প্রতীতিতে তবু রয়ে গেছে পুর্নজন্ম রোমান্স।
জন্মাবধি জনারণ্যে বাস আমার
হাসি, কান্না, সুখ, দুঃখ - পুরোটাই মানবিক জীবন
তবুও কোথায় যেন আছে ফাঁকা
ঈশ্বরের মতোন নিঃসঙ্গ আমি বড়ই একা
হয়তোবা মানবের বিধিলিপি একসাথে নাড়াগাথা
বোধের টোকায় বেজে ওঠে সানাই বিষণ্ণতা।
শুরুর পরের আর শেষের আগের মাঝখানটুকুই
পরম সত্য মানি, জীবন নয় স্বপ্ন, মায়ামরীচিকা ।
সময়কাঠি মেপে যায় জীবন দৈর্ঘ্য
এভাবেই নিশ্চিত একদিন ছুঁয়ে যাবে পথের শেষ
তবুও জাদুমাখা জন্মদিন আমার করি স্মরণ।
না, কোন রিজলিউশন নয়
কেউ করুক আর নাইবা করুক-
আমি নিজেই নিজেকে করছি আজ বার্থডে উইশ -
"বেঁচে থাকো বাবা । বাঁচাটাই সার, প্রহেলিকায় আটকা থেকেও ।"
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





