"বালা কইরা ঘর বানাইয়া রইমু কতকাল
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার" - হাছন রাজা
সচেতন আমি, জানি ভবিতব্য
সময়ের কাছে নতজানু রাজা ঈদিপাস -
সহসাই করবে গ্রাস কালোগহ্বর
হারিয়ে যাব এই আমি ।
আকাশে চমকায় আশার ঝলক
আমি নেই, তবু থাকবো আমরা -
রিলে রেসে আছি আমরা
পূর্বসুরী দিয়ে গ্যাছে প্রমিথিউস মশাল;
নিশ্চিত আমি
হাত বদলে নিয়ে নেবে উত্তরসুরী
এভাবেই ক্রমাগত থাকবো আমরা ।
রামধনু থেকে এনেছি রঙ
পেয়েছি সত্য ক্যানভাস
মগ্ন চৈতন্যে আঁকছি বসে স্বপ্নবাজ আমি -
ক্যানভাসে ওঠছে ফুটে স্বপ্নঘর
আমাদের পান্থনিবাস।
ভবিতব্য জানে, থাকবো না আমি
তবু থাকবো আমরা, আমরা মানব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





