ক-অক্ষর গোমাংস বিদ্যা দূরঅস্ত
কনকর্ড ককপিটে বীণাপাণি বোধে প্রযুক্তি
সময়ের পাটাতন ভার্চুয়াল ওয়ার্ল্ড
পিছু হটে রাজহাঁস বাহন অমল ধবল ।
ছয়নম্বর বাসে আমি মুড়ির টিন
মাছিমারা কেরানী জ্ঞান সহজ সরল।
চারপাশ দুঁদে কবি পোষ্টমর্ডানিষ্ট তকমা
ধোঁয়াশা কবিতা ওড়ায় জটিল ধাঁধা
খোলস ভেঙ্গে মর্ম প্রজন্ম আঁতেল।
পড়িনি পাণিনী, ণত্ব-ষত্ব বিধি
ভাষাতত্ত্বে জ্ঞান নেই বড্ড আনাড়ি;
জানি না ছন্দ বারান্দা -
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত পয়ার প্রয়োগ
তবু দেই হামাগুড়ি কাব্যভূবন
জ্যোছনা ছড়ায়ে চাঁদ মায়াবী খেয়াল্।
নিসর্গ আঁকে ছবি অযত্ন তুলি
অগোছালো গোছানো বন আমাজন
পাহাড়ি ঝর্ণা নাচে স্বমহিমা ছন্দ
পাখি কি তালিম নেয় খেয়াল কাকলি!
হৃদয় আমার বুদবুদ ব্রাত্য কবি
ভাবের ঘোরে প্রেমরস পরমহংস
ভেতরে লালন গাঁথে শব্দ আমার
একতারা খুঁজে নেয় ছন্দ আপন ।
অভাজন কবিতা শোনে আমজনতা
দূরে বসে কৌতুক প্রজন্ম আঁতেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





