দূরাশা এখনো রয়ে গেছে। ইচ্ছে করে সেই আগের মতো মাঝরাতে পুরুষালি স্বরে ভাঙ্গিয়ে দেই তোমার ঘুমের ঘোর, রাতের স্বপ্নে সাঁতার কাটা তোমার কানে ফিস ফিস করে বলে উঠি আমাদের গোপন কথা।
জানি, তুমি বলবে এ বানানো কথা। কিন্তু বিশ্বাস করো যেদিন অপয়া বাতাস সুর-লয়-তাল এলোমেলো করে দিল, আমাদের মাঝে তৈরী হলো চীনের প্রাচীর সেই দিন থেকেই আমার করতলে জন্ম নিয়েছে অদৃশ্য এক অসুখী রেখা। তুমি তো জানো দাপুটে নিয়তিতে নিগৃহিত রাজা ঈদিপাসের গল্প। আমিই বা কীভাবে অস্বীকার করি শনির বলয়ে ঘূর্ণিপাক খাওয়া আমাদের সেই ব্যর্থ প্রেমের কাহন !
আমি আজ মার্কিন রাজ্যে, জীবন-জীবিকার প্রয়োজনে শ্বেতাঙ্গিনী মার্গারেট এসেছে আমার জীবনে। জীবনের নতুন এ খোলসটুকুকে শুধু তুমি নও, যে কোন নারীই প্রতারক গিরগিটি আখ্যা দিবে সে তো আমি জানিই।
তবে পরম সত্য জেনে রেখো, আজো কিন্তু আমার ভেতরে তোমার নিত্যদিনের আনাগোনা। অন্তরঙ্গ মুহূর্তে মার্গারেটের আলিঙ্গনে থাকা আমি সাড়া পাই না, সহসাই আনমনা হয়ে যাই, মনে পড়ে আমাদের সেই উদ্যাম দিনগুলোর কথা। ভিন্ন সাংস্কৃতিক আবহে বড় হওয়া মার্গারেট কী করে বুঝবে অশরীরি তুমি বার বার ফিরে আসা আমার নস্টালজিক ভালোবাসা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




