বউ যে আমার পেছনে শখের গোয়েন্দা লাগিয়েছে তা গতকালই টের পাই। অফিস শেষে ফেরার পথে প্রায়ই যাই প্রিয়ন্তির বাসায়। প্রিয়ন্তির বাসা হাঁটা দূরত্বেই, যাচ্ছিলাম হেঁটে হেঁটেই। পেছন ফিরতেই হঠাৎ দেখি লম্বা চুলওয়ালা এক ছেলে পিছু পিছু আসছে। প্রিয়ন্তির বাসায় ঢুকেই কেন যেন সন্দেহ হলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ছোকরাটি একটি টুকরা কাগজে কি যেন লেখছে। সম্ভবতঃ বাসার হোল্ডিং নম্বর। প্রিয়ন্তির সাথে সময় কাটিয়ে রাতে বাসায় ফিরি, ছোকরাটিকে আর দেখা গেল না।
আজ অফিস শেষে প্রিয়ন্তি নয়, ভাবছিলাম যাবো নীতুর বাসায়। নীতুর ফিগার, চঞ্চলতা আমাকে প্রায়ই টানে। হাতের কাজ শেষ করে বের হলাম অফিস থেকে। নীতুর বাসা বেশ দূর। রিক্সা নিলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বেশ সজাগ। পেছনে তাকিয়ে দেখি আরেকটি রিক্সায় কালকের সেই চুলওয়ালা। মনে মনে বল্লাম, 'ওহে ছোকরা, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়।'
রিক্সা খানিকটা এগুতেই রিক্সাওয়ালাকে থামতে বললাম। আমার ফলোয়ার রিক্সা এগিয়ে আসতেই জোরে বলে উঠলাম, 'এই যে চুলওয়ালা ভাই, আসেন একই সংগে যাই, আপনি তো আমি যেখানে যাবো সেখানেই যাবেন।'
ভ্যাবাচ্যাকা খায় ছোকরাটি। রিক্সা থেকে নেমেই তালপাতার সেপাই শখের গোয়েন্দাটির হাত শক্ত করে ধরে বলি, 'আরে চলোই না আমার সাথে একসাথে গল্প করতে করতে চাই। তাছাড়া নীতুর ছোটবোনটির সাথে তোমাকে ভালোই মানাবে।'
সে কি বুঝলো জানি না, তবে আমার ব্যায়ামকরা পেটাশরীর দেখে ছোকরাটি নার্ভাস হয়ে লাজুক হেসে আমার রিক্সায় উঠে বসলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


