কথা ছিল আমাদের দেখা হবে,
মধ্য দুপুরের নিস্তব্ধতা ভেঙ্গে এক শান্ত বিকেলে,
অজস্র পাখিকে সাক্ষী রেখে একে অপরকে খুঁজে নেয়ার অপেক্ষায়।
কথা ছিল আমাদের দেখতে হবে
ফেলে আসা জীবনের ব্যাগ্রতার কৌতূহল
রাশি রাশি জলাডুবিতে আশ্রিত রাতজাগা চোখের ক্লান্ত প্রতিক্ষায়।
কথা ছিল আমাদের খুঁজতে হবে,
ধুসর চোখের মায়াবি রঙ্গে
মানি ব্যাগের গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হলদে মলিন ছবিটায়।
কথা ছিল আমাদের পথ চলা হবে
সরু রেল লাইন ধরে হাঁটতে থাকা নিয়তির আহবানে,
এক গাঁদা বিষাক্ত অর্কিডের ভিড়ে লুকিয়ে থাকা ফার্নের মলিন পাতাটায়।
কথা ছিল আমাদের ভালবাসা হবে,
সান্ধ্যপ্রদীপ না জ্বালিয়ে হৃদয় কপাট খুলে দিয়ে
দিগন্তের আদিম সীমানায় হারিয়ে দূরে কোথাও মিলিয়ে গিয়ে।
কথা ছিল আমাদের থামতে হবে,
আলো আধারির ছায়ায় সবকিছু ভুলে গিয়ে
চোখে চোখের সমীকরণটা বুঝে নিয়ে সময়কে বিদায় জানিয়ে।
কথা ছিল আমাদের হারাতে হবে
ঘুমে আচ্ছন্ন এ মানব নগরীকে ফাঁকি দিয়ে
হাতে হাতের বেড়ি পড়িয়ে একাকি চাঁদকে আলিঙ্গন করে।
টু কিল এ মকিং বার্ড
২৬/০৬/২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


