আত্মজার স্কুলে বাসা থেকে যেতে বিমান বন্দর পেরুতে হয়। ক্লাস শুরু হয় সকাল ৮:২০ এ। আজ তার বাংলা ক্লাস টেস্ট ছিল প্রথম পিরিয়ডে।যার নম্বর যোগ হবে বার্ষিক পরীক্ষার সাথে। দুপুর বারোটায় আমার দরপত্র ফেলার শেষ সময়। এই প্রস্তুতি নিচ্ছিলাম রোজার আগ থেকে। বছরে ৮/১০টি টেন্ডারে অংশ নিয়ে দুয়েকটা পাওয়ার মধ্যেই আমার আয় সীমিত। না পেলে স্বল্প সন্চয় ভেংগে খাওয়া।
তো সাড়ে সাতটায় যাত্রা করলাম। মেয়েটাকে স্কুলে নামিয়ে, দুটো জায়গা থেকে কাঁচামালের দাম লিখিত ভাবে নিয়ে (written offer) দরপত্র চুড়ান্ত করে সাড়ে এগারোটার মধ্যে দরপত্র বাক্সে ফেলার পরিকল্পনা আমার।
পথে অচলায়তনের মত আমি স্থির। আমারই দোষ। আমাদের প্রধান মন্ত্রী যে সকালে ফিরছেন সেটা আর মনে ছিলনা।
উনি উল্টো দিকের লেন দিয়ে বাড়ি ফিরলেন। আমরা সচল হলাম। মেয়েকে নামালাম ওর স্কুলে পোনে দশটায়। সেলে কাঁচামালের দাম নিলাম (জেনে শুনে যে এ দাম সুযোগ বুঝেই ওরা বাড়িয়ে দেবে যেহেতু আমার হাতে প্রমানপত্র নেই)। একসময় দরপত্র ফেলার জায়গায় পৌছুলাম। ততক্ষনে বাক্স খোলা হয়ে গেছে।
শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম।
______________________________________________
পাদটিকাঃ ১৯৯৫ এ ডেনমার্কের প্রধানমন্ত্রীর পিছু পিছু কোন এক বিমান বন্দর থেকে মাইল বিশেক ভ্রমন করার সৌভাগ্য হয়েছিল আমার। আশেপাশের বেয়াদপ গাড়ীগুলো কোন ভ্রুক্ষেপই করছিলনা প্রধান মন্ত্রীর বহরকে। কোথাও কোন রাস্তাও বন্ধ ছিল না। ঐ প্রধান মন্ত্রীর ছেলে আমার প্রবাসী বন্ধুর সহকর্মী । আমার বন্ধু ওদের ডাক বিভাগের মাঝারী গোছের কর্মচারী। তার স্ত্রী ওখানকারই কর্মকতা। আর দিনেমার প্রধানমন্ত্রীর ছেলে ছিল পোস্টাপিসের চিঠি বাছাইকারী (dak sorter)।
বিদেশী প্রধানমন্ত্রীরা এমনই মাজা ভাংগা হ্য়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


