![]()
রাতের শুনশান নিরবতা। একটানা ঝি ঝি পোকার ঝিম ধরানো ডাক! সাজ্জাদের মনটা যেন আরো খিচরে ভেঙ্গে আসতে চায়! দু চোখ দিয়ে অবারিত অশ্রুক্ষরণ। সে সব সহ্য করতে পারে, কিন্তু ধোকা সহ্য করতে পারে না। সীমা অন্তত একবার তাকে বলত তার বিয়ের কথা! সে কি তাতে বাঁধা হয়ে দাঁড়াত? মানুষ হিসেবে সে কখনোই এমন নয় যে অন্তত কারো মতের বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দেবে। আর সীমা তো স্বেচ্ছায় তার কাছে এসেছিল। নিজে থেকেই বলেছিল 'ভালোবাসি!'
সাজ্জাদও মনে মনে স্থির করে রেখেছিল চাকরীর প্রমোশন হতেই সে সীমাকে বিয়ে করবে। কিন্তু সীমা তার জন্য অপেক্ষা করে নি। তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে ঘর সংসার শুরু করেছে। অথচ একটি বারের জন্যও সে সাজ্জাদকে জানায় নি তার বিয়ের কথা। বিয়ের দু দিন আগ পর্যন্তও সে সাজ্জাদের সাথে প্রেমের অভিনয় করে গেছে নিখুঁতভাবে!
সাজ্জাদ হেটে হেটে পিচ ঢালা পথ পেরিয়ে ঘাট বাঁধানো একটি লেকের পাড়ে চলে আসে! হঠাৎ খেয়াল হয় সে হাটতে হাটতে তার বাড়ি থেকে বেশ দূরেই চলে এসেছে। এখানে যখন তখন ছিনতাইকারী, গাঁজাখোরদের হাতে হেনস্থা হবার ভয়। তবুও তার বাড়ি ফিরে যেতে ইচ্ছে হয় না। কি হবে বাড়ি ফিরে গিয়ে ? একরাশ হীনমন্যতা এসে জাপটে ধরবে! তার চেয়ে বরং এই লেকের পাড়েই কিছুক্ষণ চুপচাপ বসে থাকা যাক।
সাজ্জাদ লেকের পাড়ের নরম ঘাসের উপর বসে পড়ে। হঠাৎ মেঘে ঢেকে যাওয়া চাঁদটা মেঘের আঁচল থেকে বেরিয়ে এসে জোছনা উপচানো মায়াবী সুধায় আচ্ছন্ন করে দেয় চারপাশ! চিকচিক করে উঠে লেকের পানি। সেই পানিতে স্পটভাবে দেখা যায় নিচে সাঁতার কাটা কিছু কার্ফু মাছ। সাজ্জাদ এক দৃষ্টি চেয়ে থাকে। কেমন যেন কান্না ভর করে বুকের ভেতর, বুক ভারী হয়ে আসে! চিৎকার করে কাঁদলে হয়ত মন কিছুটা শান্ত হত! সাজ্জাদ ঘাসের উপর শুয়ে চোখ বন্ধ করে অনেকক্ষণ পড়ে থাকে। তার চোখ থেকে অনবরত অশ্রু বয়ে যাচ্ছে।
হঠাৎ কে যেন কানের কাছে বলে ওঠে, ''পথিক, তুমি একদম শিশুদের মত কাঁদো!'' তারপর বাঁধ ভাঙ্গা হাসি।
সাজ্জাদ চমকে উঠে বসে। ওফ! এই মুহূর্তে পতিতাদের মুখোমুখি হবার মত মন তার একদম নেই। আর তাছাড়া সে পতিতা পছন্দ করে না। বহুজনের সাথে রাত্রী শেয়ার করা মেয়েদের সাথে কথা বলতেও তার রুচিতে বাঁধে। সে বিরক্তির সাথে পেছনে ফিরে তাকায়। তাকিয়েই যেন চোখ ঝলসে যেতে চায়! এত মায়াময় চেহারা সে খুব কমই দেখেছে। আমতা আমতা করে বলে ,''কে আপনি? আমার কাছে কি চান? আমাকে প্লিজ একা থাকতে দিন।''
মেয়েটির ঠোটের কোণ থেকে হাসি যেন সরছে না। সে আরো দু কদম এগিয়ে এসে বলে ,''এ দিক দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক বুড়ো ধারী রাস্তার উপর বসে শিশুদের মত কাঁদছে! তাই দেখতে এলাম।''
সাজ্জাদ মেয়েটির রসিকতায় বিরক্ত হয়। সে কিছুটা কঠোরভাবে বলে ,''এত রাতে কোন ভালো মেয়ে রাস্তায় ঘোরাঘুরি করে না।''
-''কেন? রাতে মেয়েরা ঘর থেকে বের হলে খারাপ হয়ে যায় বুঝি? এত কিসের ভয় বলতো পথিক? কিছু দুষ্কৃতিকারীর হাতে সম্ভ্রম হারানোর ভয়? এতে তুমি একটা নিরাপরাধ মেয়েকে পাপী কেন করছো বলতো? কিছু পাপীর জন্যে মেয়েরা কেন ঘর থেকে বের হবে না?''
![]()
সাজ্জাদ চুপ করে যায়। এই মেয়ে তো বেশ চটাং চটাং কথা বলে! অবশ্য অনেক পতিতার এমন স্বভাব থাকে। ওরা এমন ললিত কথা বলে ছেলেদের ফাঁদে ফেলে মোটা অংকের টাকা ওসুল করে নিতে চায়। কিন্তু এই মেয়েকে দেখে পতিতা মনে হয় না! এর চেহারায় সম্ভ্রান্তের ছাপ! চোখ দুটো আর হাসি অসম্ভব সুন্দর। রাতের বেলাতেও তার রুপ বুঝে নিতে কষ্ট হয় না। সাজ্জাদ আবার বলে ,''আচ্ছা আপনাকে তো বেশ বুদ্ধিমতি বলেই মনে হচ্ছে তবে আমাকে ''তুমি'' করে কেন বলছেন? জানেন না অনুমতি ছাড়া কাউকে 'তুমি' ডাকাটা অভদ্রতা? ''
-''আমি তোমার থেকে বয়সে বড়ই হবো। তাই তুমি করে বলেছি।'' তারপর মেয়েটি হেসে গড়িয়ে পড়ে। যেন সাজ্জাদের প্রশ্নে খুব মজা পেয়েছে। সে সাজ্জাদের কিছুটা কাছে এসে বসে। তার দীঘল চুল ঘাসের উপর বিছিয়ে যায়।
সাজ্জাদ আরো তীক্ষ্ণ চোখে তাকায় মেয়েটির দিকে! ''আপনার বয়স তো দেখে বাইশ তেইশের বেশি হবে বলে মনে হচ্ছে না! তবুও নিজেকে বুড়ি সাজাতে কেন চাইছেন? আমার বয়স কিন্তু ত্রিশের কোঠায়!''
-''পথিক শোনো! সব সময় চোখে যা দেখা যায়, তা সত্যি হয় না!''
- ''আচ্ছা! সত্যিটা তাহলে আপনিই বলুন! কে আপনি? এত রাতে না ঘুমিয়ে এই লেকের পাড়ে কেন এসেছেন?'' সাজ্জাদ এক মুহূর্তের জন্যও মেয়েটির থেকে দৃষ্টি সরায় না। যেন মেয়েটি মিথ্যে বলতে গেলে চট করে ধরে ফেলতে পারে।
মেয়েটির চোখের অদ্ভুত শীতলতায় সাজ্জাদের শিরদাঁড়া বেয়ে তীক্ষ্ণ শিহরণ নিচে নেমে যায়! মেয়েটি কি তাকে ভড়কে দিতে চাইছে! উদ্ভট কথা বলে কোন স্বার্থ হাসিল করতে চাইছে? কি চাইছে এত রাতে মেয়েটি তার কাছে? ওর কি একদম ভয় করছে না এত রাতে একজন অপরিচিত যুবকের পাশে বসে নিশ্চিন্তে গল্প করতে?
সাজ্জাদ একবার ঘড়ির দিকে তাকায়, একবার চাঁদের দিকে। ভরা পূর্ণিমায় ঘড়ির কাটা দেখতে মোটেও সমস্যা হচ্ছে না। রাত তিন টা বেজে পাচ মিনিট। সময় যেন খুব দ্রুত গড়িয়ে চলছে।
মেয়েটি সাজ্জাদের দুশ্চিন্তা বুঝতে পেরেই যেন বলে ,''আমাকে ভয় পেও না পথিক! আমি ক্রিমিনাল নই, কোন পতিতাও নই। আমি সন্ধ্যামালতি, ঐ যে সামনে কিছু দূরেই আমার বাড়ি। রাতের বেলা এদিকে তেমন কেউ আসে না। এমন কি গুন্ডা বদমাশেরাও না। তাই একটু হাটতে বেরিয়েছিলাম। তোমাকে কাঁদতে দেখে ভাবলাম শুনে আসি কি হয়েছে!''
সাজ্জাদ কিছুটা আশ্বস্ত হয়। মেয়েটির প্রতি তার আগ্রহ বাড়ে। সে আবার জিজ্ঞাসা করে ,''আচ্ছা! আপনি তাহলে সন্ধ্যামালতি! খুব চমৎকার নাম! ''
-''হুম! আমি ছোটবেলায় দেখতে খুব কালো ছিলাম তো, তাই বাবা নাম শখ করে নাম রেখেছেন সন্ধ্যামালতি! সন্ধ্যায় ফোটা ফুল! ''
-''আপনি কালো ছিলেন! আপনার দুধে আলতা গায়ের রঙ দেখে তো তা মনে হচ্ছে না!''
-''আমি তোমাকে আগেই বলেছি পথিক সব সময় চোখে যা দেখা যায় তা সত্যি হয় না!'' হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে যায় সন্ধ্যামালতির মুখ। তার সাথে পাল্লা দিতে চাঁদও যেন মেঘে ঢেকে যায়। সন্ধ্যামালতি উঠে দাঁড়িয়ে বলে ,''আজ তাহলে আসি পথিক! ভালো থেকো!''
সাজ্জাদকে কিছু বলার সুযোগ না দিয়েই সে হনহন করে হেটে চলে যায়। সাজ্জাদও ক্লান্ত পায়ে বাড়ির দিকে হেটে চলে।
![]()
পরদিন অফিসে কিছুতেই সাজ্জাদের মন বসে না! গত রাতে সত্যিই কি তার অপরুপ সুন্দরী কোন মেয়ের সাথে দেখা হয়েছিল? নাকি সবই ছিল ভ্রমো! আজ রাতে সেখানে গেলে কি সন্ধ্যামালতির দেখা মিলবে? সে কি আসবে আজ রাতেও? সাজ্জাদের আর তর সয় না। কখন রাত হবে, কখন সে যাবে লেকে পাড়!
সন্ধ্যামালতির ভাবনা সাজ্জাদকে সীমার প্রতারণার কষ্টের স্রোত থেকে দূরে নিয়ে যায়। সাজ্জাদও স্বেচ্ছায় সেদিকে ভেসে চলে! ভালো হয় যত দ্রুত কষ্টগুলোকে কাটিয়ে ওঠা যায়! কোন প্রতারককে এভাবে মনে ধরে রাখার কোন মানে হয় না।
সন্ধ্যায় বিছানায় গা এলিয়ে সাজ্জাদ ভাবে, আচ্ছা সন্ধ্যামালতি কিডন্যাপার নয়ত? তাকে ভুলিয়ে ভালিয়ে সাথে করে নিয়ে যাবে! তারপর তার চোখ,কিডনি,লিভার এ সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে দেবে! নাহ! এই নিশ্চয়তাকেও একবারে উড়িয়ে দেয়া যায় না। কিছু দিন আগে তো পেপারে এমন এক ঘটনা প্রকাশিতও হয়েছিল। এক অসম্ভব রুপসী মেয়ে যুবকদের ভুলিয়ে অঙ্গ পাচার করে বিদেশী সংস্থার কাছে। আর ক্রিমিনাল সংঘের মেয়েরা বেশির ভাগ সময়ই অনেক রুপবতী হয়।
এই সব ভয়ানক ভাবনাগুলোও সাজ্জাদকে লেকের পাড়ে যাওয়া থেকে ফেরাতে পারে না। যেন মাদকের নেশা ভর করেছে! নারীর রুপের নেশা হয়ত এমনই। সাজ্জাদের মনে হতে থাকে এই মেয়ের আঁচলের নিচে মরণও অনেক ভালো! উহু একদিনের পরিচয়ে একটা মেয়েকে নিয়ে এত কিছু ভাবা ঠিক হচ্ছে না! এমনও তো হতে পারে মেয়েটা বিবাহিত!
সাতপাঁচ ভাবনায় সাজ্জাদ অস্থির হয়ে ওঠে। সে দ্রুত হেটে চলে লেকের ধারে! আচ্ছা সন্ধ্যামালতি আজ আসবে তো!যদি সে না আসে! গতকাল তো তাকে আসার কথা বলে দেয় নি। সাজ্জাদের উৎকণ্ঠা বেড়ে যায়!
সে লেকের পাড়ে পৌছে দেখে সন্ধ্যামালতি তার আগেই এসে বসে আছে। সবুজ পাড় বাঁধানো লাল শাড়ি তার পরনে। অপরুপ লাগছে তাকে। সাজ্জাদের মনে হয় পৃথিবীর সব পোশাকেই হয়ত তাকে অপরুপ লাগবে। সাজ্জাদ কাছে যেতেই বলে উঠল ,''পথিক তুমি এত দেরি করলে কেন?''
সাজ্জাদ তার নিজের মাঝে ব্যাকুলতা আড়ালের জোড় চেষ্টা চালায়। ''আমার কি আপনার সাথে দেখা করতে আসার কথা ছিল নাকি? আমি আসলে ভাবতে পারি নি আজো এখানে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে!''
-''তুমি মিথ্যে বলছো কেন পথিক? তুমি আজ সারাদিন আমাকে নিয়েই ভেবেছো! বাঁধভাঙ্গা উৎকণ্ঠায় প্রতিক্ষা করেছো রাতের এই মুহূর্তটির জন্য!''
সাজ্জাদ থতমত খেয়ে যায়! দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, ''তুমি কি করে জানো!''
-''আমি সব জানি পথিক! তোমরা ছেলেরা রুপের পাগল! ময়দার মত সাদা চামড়া আর সুন্দর ফিগার পেলে তোমাদের আর কিছু লাগে না!''
সন্ধ্যামালতির কথায় সাজ্জাদের পৌরুষত্বে ঘা লাগে। ''সবাই এক রকম নয় সন্ধ্যামালতি! আমার প্রেমিকা খুব বেশি রুপবতী ছিল না। তবুও আমি তাকে ভালোবেসে ছিলাম! কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে! প্রতারণায় তোমরা মেয়েরাও কম যাও না!''
সন্ধ্যামালতি আচমকা হেসে ওঠে! তার হাসির শব্দে যেন থর থর করে লেকের পানি কেঁপে ওঠে! সন্ধ্যামালতি সাজ্জাদের আরো কাছে এসে বসে। ''ঐ তারাটার নাম জানো পথিক? ও হল কালপুরুষ! ঐ যে ঐ তারা টা। শুকতারা থেকে কিছুটা দূরে!'' সন্ধ্যামালতির হাতের সরলরেখা ধরে সাজ্জাদ আকাশের দিকে তাকায়। তার আকাশ দেখতে আগে থেকেই ভালো লাগে,কিন্তু এত খুটিয়ে খুটিয়ে কখনো দেখা হয় নি। আর আজকের মত আকাশটাকে এত অসম্ভব সুন্দরও কোন দিন মনে হয় নি! সন্ধ্যামালতি তাকে আকাশের তারা চেনায়।'' ঐ যে দেখছ ওটা লুব্ধক, শরতকালে এটা ঐ দিকে ওঠে! ওর পাশ দিয়ে প্রায়ই উল্কা হেটে যায় জানো! হাটতে হাটতে ক্লান্ত হয়ে খসে পড়ে! ঐ রাতে আমাদের এক সাথে তারা দেখার কথা ছিল জানো!''
-''কোন রাতে! কার সাথে তারা দেখার কথা ছিল?''
- আমার স্বামীর সাথে! যে রাতে ওরা আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল! আমার স্বামীও আকাশ দেখতে ভালোবাসতো জানো! আর আমি তাকে তারা চেনাতাম!!''
-''সন্ধ্যামালতি তুমি বিবাহিত! আগে কেন বলো নি? ''
-'' তোমার সাথে আমার পরিচয় তো দু দিন মাত্র! আরো আগে কি করে বলতাম বলো!'' সন্ধ্যামালতির কথায় যুক্তি আছে, কিন্তু সাজ্জাদের ভালো লাগে না। সাজ্জাদের মনে হয় ইচ্ছে করেই তাকে আবিষ্ট করতে সন্ধ্যামালতি তার বিয়ের কথা লুকিয়েছে! সে আবার জিজ্ঞাসা করে ''কারা তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল? ''
সন্ধ্যামালতি যেন ভয়ে শিউরে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে ,''আমার শাশুড়ি আর ননদ! আমি খুব কালো ছিলাম তো! তাই ওদের আমাকে ভালো লাগে নি! ওরা ওদের ছেলের জন্য খুব সুন্দরী বধু চেয়েছিল! শুধু আমার অঢেল সম্পত্তির জন্য আসিফের সাথে আমার বিয়ে দিয়েছিল!''
-সন্ধ্যামালতি তুমিও তো অপরুপ রুপবতী!
-হুম এখন হয়েছি! তখন ছিলাম না!
-আচ্ছা! তারপর?
-তারপর ওরা নিয়মিত আমাকে পেটাতো! তবে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো!''
-তারপর?
-তারপর একদিন আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে যাবার কথা ছিল! আমি ওর উপহার দেয়া সাদা শাড়িটা পড়ে সেজেগুজে ওর জন্য অপেক্ষা করছিলাম!
জানো পথিক! কালো মেয়েদের মন কেউ বোঝে না! আমার গাড় লাল রঙ খুব পছন্দ ছিল! কিন্তু ও আমাকে সব সময় সাদা শাড়ি কিনে দিত! ওর ধারণা আমাকে লালে মানাবে না। দেখো তো পথিক আমাকে লালে মানিয়েছে কি না?'' সন্ধ্যামালতি উঠে গিয়ে তার আঁচল সামনে এনে সাজ্জাদের সামনে দাঁড়ায়।
ওহ এই কথা! তুমি তাহলে রুপের প্রশংসা শুনতে চাইছো! তারপর ধরা দেবে আমার কাছে? আমি বেশ বুঝি এই স্বামী, শাশুড়ি, ননদ সব তোমার কল্পকাহিনী। তুমি আমাকে ভড়কে দিতে চাইছো! কিন্তু রুপবতী এত সহজে ভড়কানোর লোক আমি নই। সাজ্জাদ অপসরা দেখছে এমন ভাব মুখে এনে বলে ,''অপরুপ লাগছে তোমাকে !''
-''জানো পথিক! ওদের বাড়িতে আমি কাউকে বিশ্বাস করতাম না! আমি জানতাম ওরা আমাকে মেরে ফেলতে চায়! শুধু স্বামীর টানে ঐ মৃত্যুপুরীতে পড়েছিলাম! আর কেউ ভালো না বাসুক, স্বামী তো বাসে!''
-''তারপর? সেই কেন্ডেল লাইট ডিনারের কি হল?''
- তারপর ওর সাথে আমি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য বের হলাম! পথেই পড়ে এই লেক। এখানে হঠাৎ এসে ও গাড়ি থামিয়ে দিল! আমি ভাবলাম গাড়িতে হয়ত কোন সমস্যা হয়েছে! তারপর দেখি চার পাঁচ জন লোক এসে আমাকে গাড়ি থেকে বের করে নিতে যাচ্ছে! সাথে আমার শাশুড়ি,ননদও আছে! আমি ওর দিকে ব্যাকুল হয়ে চেয়েছিলাম! দু চোখে বিস্ময়! আসলে কি ঘটছে আমার সাথে!''
-তারপর!
-''তারপর দেখলাম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে! আমি অনুন্বয় করে বললাম আমাকে এখানে কেন নিয়ে এসেছো? চল বাড়ি ফিরে যাই! ওর মুখে তখন পৈশাচিক হাসি! সুন্দর চোখ জোড়া হঠাৎ হয়ে উঠলো ভয়ংকর! যেন রক্ত পিপাসু ভ্যাম্পায়ার! ও চিবিয়ে চিবিয়ে বলল '' বাড়ি তো ফিরে যাবোই! কিন্তু তুই যাবি না।'' ও শক্ত করে আমার হাত চেপে ধরল! আমি কাতর হয়ে বলি ,''ছেড়ে দাও ব্যাথা পাচ্ছি তো! প্লিজ ছেড়ে দাও।'' ও আবার হিসিয়ে ওঠে!'' তোকে ছেড়ে দেব! ছেড়ে দিলেই তো তুই সোজা পুলিশের কাছে যাবি। তার চেয়ে ভালো এখানেই পুড়ে লেকে পানিতে ডুবে থাক।'
আমার প্রেমময়ী স্বামী হঠাৎ যেন দানব হয়ে যায়! আমার কিছুতেই বিশ্বাস হতে চায় না এ সব কথা ও বলছে! ও সমানে আমার গায়ে কেরোসিন ছিটাতে থাকে আর ঘৃণায় ঠোট জোড়া বাকিয়ে ভৎসনার সুরে বলতে থাকে ,''তুই মরে যা। তোর মত কুৎসিতকে ভালোবাসি বলতে বলতে আমি হাপিয়ে উঠেছি!' আমি বিস্ময়ে,কষ্টে, ক্ষোভে ,দুঃখে যেন চৌচির হয়ে যেতে থাকি! এই কি সেই ঠোট যে ঠোটে ভালোবেসে আমি চুম্বন এঁকে দিয়েছি! এই কি সেই মুখ যেখানে ভালোবেসে আমি ভাত তুলে দিয়েছি! এই কি সেই হাত যেই হাত ধরে বাবার ঘর ছেড়ে নির্ভয়ে চলে এসেছি! হঠাৎ আমাকে ভয় চেপে ধরে! প্রচন্ড ভয়! পথিক তুমি কি জানো মৃত্যু ভয় কত তীব্র হয়? কি করে কেউ বুকভরা অনুন্বয় নিয়েও মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে পায় না এতটুকু অনুকম্পা?
সাজ্জাদের চোখ দিয়ে সন্ধ্যামালতির মত জল ঝরতে থাকে। অনেকক্ষণ কোন কথা কারো মুখ বের হয় না। নোনা জল যেন গভীর শুন্যতা নিয়ে জমাট বেঁধে কন্ঠ রোধ করে রাখে দু জনার! কিছুক্ষণ পর সাজ্জাদই নিরবতা ভাঙ্গে। অস্ফুট আওয়াজে বলে ,''তারপর কি হল সন্ধ্যামালতি?''
-তারপর আমার স্বামীই প্রথম ম্যাচের জলন্ত কাঠি আমার দিকে ছুড়ে দেয়! উহ কি যন্ত্রণা! আমি নিজের শরীর, আর চুল পোড়ার গন্ধ পাচ্ছিলাম! কন্ঠের সব জোর দিয়ে চিৎকার করে বলেছিলাম বাঁচাও, বাঁচাও ! আমার আর্তনাদ বার বার প্রতিধ্বনিত্ব হয়ে আমার কানেই ফিরে আসছিল! এই নিরব লেকের ধারে কেউ শোনে নি আমার আকুতি! তারপর ওরা এই লেকেই আমাকে ফেলে দিয়ে চলে যায়। আমি জ্ঞান ফিরে পেয়ে আবার উঠে এসেছি! আচ্ছা পথিক ছোটবেলায় শখ করে কেনা খেলনাও তো কোন শিশু এত অযত্নে ভেঙে ফেলে না! সে আমাকে কি করে এভাবে পুড়িয়ে ফেলল বলতো! রুপই কি তোমাদের কাছে সব? তোমরা কি এর বাইরে চিন্তা করতে পারো না!
![]()
সাজ্জাদ মুখে কোন কথা আসে না। চাঁদের আবছা আলোয় সে সন্ধ্যামালতির দিকে চেয়ে থাকে! সন্ধ্যামালতির গল্প তার বিশ্বাস করতে ইচ্ছে হয়! কিন্তু লজিক তা সাপোর্ট করে না। কারণ কোন আগুণে পোড়া রোগী এত সহজে বাঁচে না! হতে পারে সন্ধ্যামালতি কম পুড়েছিল। তাই বেঁচে গেছে। কিন্তু গায়ের রঙ! সন্ধ্যামালতির পায়ের পাতাটা পর্যন্ত দুধের মত সাদা। কালো কুচকুচে একটা মানুষের গায়ের রঙ রাতারাতি পাল্টে যেতে পারে না। আবার সন্ধ্যামালতির বলার দৃঢ়তা দেখেও মনে হচ্ছে না সে মিথ্যে বলছে! একজন দক্ষ অভিনেত্রীও পারবে না এত নিখুঁতভাবে অভিনয় করতে ! তারমানে তার সব কথা সত্যি! আর সত্যি যদি হয় সন্ধ্যামালতি একজন মানসিক রোগী! সে হয়ত অন্যের কাছে শোনা গল্প তার নিজের মধ্যে ধারণ করেছে। সে ডিলিউশনে ভুগছে! আর এই রোগের জন্যই সে এত রাতে এখানে সেখানে ঘুরছে! সাজ্জাদ তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। সন্ধ্যামালতি কোন ক্রিমিনাল বা পতিতা নয়, স্মৃতি নষ্ট হয়ে যাওয়া একটি মেয়ে। হঠাৎ তার প্রচন্ড মায়া হয় সন্ধ্যামালতির জন্য।
সন্ধ্যামালতি সাজ্জাদের ভাবনায় ছেদ করে বলে ,''তুমি আমার কথা বিশ্বাস করো নি তাই না? তুমি আমাকে পাগল ভাবছো?''
-''কে বলল আমি তোমাকে পাগল ভাবছি? দেখো আমি নিজের অজান্তেই তোমাকে ''তুমি''করে বলছি। তারমানে আমি তোমাকে বন্ধু ভাবছি। চলো সন্ধ্যামালতি তোমাকে বাসায় পৌছে দিয়ে আসি। আর তুমি কুচকুচে কালো হলেও আমি তোমাকে ভালোবাসবো!''
-'' আমি কুচকুচে কালো হলেও ভালোবাসবে! পারবে তো পথিক? আমি জানি তুমি আমাকে পাগল ভেবে সান্ত্বনা দিচ্ছো! তুমি কি আমার শাড়ির নিচে পোড়া ক্ষতের দাগ দেখতে চাও?''
একটা মানসিকভাবে বিকারগ্রস্থ মেয়ের অসুস্থতার সুযোগ নিয়ে তাকে বস্ত্রহীনভাবে দেখার মত বিবেকহীন সাজ্জাদ নয়। সে তাকে শান্ত করতে বলে ,''আমি তোমাকে বিশ্বাস করি সন্ধ্যামালতি! গভীরভাবে ভালোও বাসি। আমার ভালোবাসার এত নিষ্ঠুর পরীক্ষা নিও না প্লিজ। তুমি আমাকে লোভী পুরুষ হিসেবে প্রমাণ করো না!'' সন্ধ্যামালতি আবার অট্টহাসিতে ফেটে পড়ে! সাজ্জাদ মাথা নিচু করে গভীর ভাবনায় মগ্ন হয়ে যায় কি করে এমন উম্মাদ একটা মেয়েকে সামাল দেয়া যায়! হঠাৎ তাকিয়ে বিস্ময়ে হতবাক! ঠিকরে বেরিয়ে আসতে চায় দু চোখ!
সন্ধ্যামালতির সাদা ধবধবে মুখ হঠাৎ খুব কালো হয়ে গেছে!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




