স্বপ্নরা উড়তে শুরু করেছিলো
__________________
তোমাকে খুঁজতে খুঁজতে
প্রান্তরের নালা নদী সমুদ্রকে বুকের নীচে ফেলে উড়ে যায় বিবাগী পানিকৌড়
সুখের টান পাখি ও মানুষদের ঘরছাড়া করেছে সেই অতীতে
তারা সুস্থির বসত শুরু করতে পারেনি তখনো
এখনো ওরা বিচ্ছিন্ন হয় প্রতিবার
নাড়িপোতা জমিন জল বৃক্ষের দেহ মনের মিল অমিলের গাঁদাগাঁদা অতৃপ্তিতে
ডানায় পালক গজালে
স্বপ্নরা উড়তে শুরু করেছিলো সর্বস্ব সমেত সুখ অথবা ভালোবাসার আশায়
হায় জীবন, তুমি কি জাননা
সেই সুখ ও ভালোবাসারা ততটাই দূরে
যতটা যেতে গেলে ডানার বয়স হয়ে পালক পড়ে যায়
অসুখের সুখ অথবা আশার ভালোবাসা
তবুও অধরা রয়ে যায়।।
________________
_______ বাকী অরিন্দম
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


