
কিশোরী তোমার হাসির প্লাবনে
ভেসে গেছে ভালবাসার মাঠ ঘাট প্রান্তর,
থই থই জলে ডুবসাঁতারু পানকৌড়ির
ঠোঁটের মত চঞ্চল সেই ভালবাসা।
হ্যাঁ এই তো এই জলার নিচেই ছিল আমার
শান্ত সবুজ মাঠ, তাতে শুভ্র হাঁসের ছানার মত ফুটেছিল
নতুন হাস্নাহেনা, জারুল, মাধবীলতাদের বন,
নেই কিছুই, ডুবে আছে সব মায়ার জলে।
ভেসে গেছে কলমিলতা, কচুরিপনার বেগুনি ফুল
লালনীল অলিন্দ নিলয়
তাই শুধু চেয়ে আছি আজ তোমার স্বচ্ছ জলে
সখী ফুটবে তুমি কবে বল?
তুমি ফুটলেই ছুটে যাব হাজার শিকড় ফুড়ে
খেলব জলে অসভ্য বুনো জলকেলি
শুকব হৃদয়ের ঘ্রাণ সখী,
ফুটন্ত সেই খোঁপার ফুলে!
ডানার ঝাপটায় মুছে দেব
তোমার সঞ্চিত সব কুমারী শিশিরকনা
দেখে নিও, একদিন তুলে নেব জলার প্রতিটি বিন্দু
এই ভ্রমরের তৃষ্ণার ঠোঁটে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


