কোন এক বৃষ্টির দিনে আসব আমি, ভীষণ অসুস্থ হয়ে,
ধরো, আমার গায়ে ভীষণ জ্বর,
বা তারচেয়েও ভয়ানক কিছু,
যেন বৃষ্টিপাত থামলেই
আমার মৃত্যু হবে!
সত্যিই আমি বৃষ্টির দিনে আসব,
খুক খুক করে কাশব,
অতঃপর তুমি ব্যতিব্যস্ত
হয়ে এগিয়ে দেবে ওড়না
আমার চুলের জল মোছাতে।
আমি খুঁজব একটি রিকশা,
হাতে সময় বড়ো অল্প।
এই বৃষ্টি থেমে গেলেই হবে সব শেষ
একজন যাজকের উপাখ্যান
আর যত কাত্যায়নী উপদেশ—
সব ধুয়ে যাবে বৃষ্টির জলে!
তুমি কি তখনই ফিরে যাবে ঘরে?
নাকি হাত ধরে বসে থাকবে আরও অনেকক্ষণ?
হাতের নাড়ি টিপে দেখবে
বেঁচে আছি কিনা,
কিংবা বুকে কান পেতে
তখনও শুনতে চাইবে
হৃদয়ের স্পন্দন?
তুমি চোখ মুছে ঘরে ফিরে যেও
কাউকে বলো না এই যাজকের কথা—
বৃষ্টিতে ভিজেছিল যে
একদা এক দেশে!
বুক মোচড়ানো দীর্ঘশ্বাসে
চেপে রেখ যে, তুমিও
সাথে ছিলে কান্নায় নত হয়ে,
কাউকে বলো না,
লাশের যে হৃদয় থাকে না
জেনেও
তুমি কান পেতে ছিলে
আমারই নষ্ট হৃদয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




