দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দশের লাঠি একের বোঝা। অথবা সকলের তরে সকলে আমরা প্রতেকে আমরা পরের তরে। এই কথাগুলো কি শুধুই বইয়ের মাঝেই সীমাবদ্ধ থাকবে? বাস্তব জীবনে এর প্রয়োগ কি আমরা করতে পারবো না?
চট্টগ্রামের ব্লগাররা নাম লেখান, কেউ বাদ পড়লে আওয়াজ দিয়েন। পোষ্ট টা দেখে আমি কমেন্টস্ এ বলেছিলাম, আমি বাংলাদেশি আমাকে নেয়া যাবে দলে?. কত আজব আমরা, আমি তো ইয়ার্কি করেও কখনো এমন কথা বলি না। পুরো বাংলাদেশের মানুষদেরকেই আমার আপন মনে হয়। এতটুকু একটা দেশ তার মাঝে কত ভাগাভাগি, কত আঞ্চলিকতার টান। এটা মোটেও কাম্য নয়। আমরা যে সবাইকে নিয়ে চলতে পারি না, এটা তারই বহিঃপ্রকাশ। আমাদের মন এতো ছোট্ট কেনো ভাই?
গতকাল সাইফুর রহমানের (আল্লাহ ওনাকে ক্ষমা করুক) মৃত্যুর খবর নিয়ে একটা পোষ্ট এ দেখলাম, কোনো সিলেটি ভাই বলেছেন, আমি যে মাটিতে হাঁটি উনি সেখানে উন্নতির বন্যা বয়ে দিয়ে গেছেন। এজন্য সাইফুর রহমানের মৃত্যুতে ওনার খারাপ লাগছে। আমি বলবো এটাও কিন্তু সাইফুর রহমানের এলাকার প্রতি মমত্ববোধ থেকেই করেছেন, তাছাড়া ভোটের স্বার্থ তো আছেই। একজন অর্থমন্ত্রীর যেখানে পুরো দেশ কে নিয়ে ভাবা উচিত, সেখানে তিনি করেছেন তার উল্টোটা। জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তাই বলে দেশের অন্যান্য অঞ্চলের প্রতি নিদেনপক্ষে একটু হলেও নজর দেয়ার দরকার ছিলো ওনার, আমি এটা মনে করি। তাহলে বলতাম দেশের উন্নতি হয়েছে, শুধু সিলেটের উন্নতি আর দেশের উন্নতির মাঝে ফারাক আছে।
মনে করুন আপনারা তিন বন্ধু সবার ২০ লক্ষ করে টাকা আছে, আর তেমন কিছুই নাই। (১) এখন আপনি ২০ লক্ষ টাকা দিয়ে একটা সুন্দর গাড়ী কিনলেন (মনে করুন, আমি কিন্তু দিতে পারবো না ভাই)। আপনি সবাই কে ফুটানি করে গাড়ী দেখিয়ে বেড়ালেন। আপনার কিন্তু অন্য কিছুই নেই, এমনকি গাড়ীটা রাখার মতো অথবা আপনার থাকার মতো কোনো ভাল ঘরও নেই। (২) আপনার আরেক বন্ধু ১০ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ী কিনলো আর বাকি ১০ লক্ষ টাকা দিয়ে একটা মোটামুটি বাড়ী করলো। (৩) তৃতীয় বন্ধু ৫ লক্ষ টাকা দিয়ে একটা পুরানো গাড়ী কিনলো, ৫ লক্ষ টাকা দিয়ে নরমাল একটা বাড়ী করলো, আর বাকী ১০ লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করলো।
বলুনতো এদের মাঝে কে বেশি ধনী? সবারই তো ২০ লক্ষ টাকার জিনিষ আছে, তারপরও আপনি আমার সাথে একমত হবেন তৃতীয় বন্ধু ধনী বেশি।
আবার দেখুন, আমাদের বসুন্ধরা মার্কেট আছে, যমুনা ফিউচার পার্ক আছে, সম্ভবত যথাক্রমে দক্ষিন এশিয়ার বৃহত্তম, আর পৃথিবীর তৃতীয় বৃহত্তম শপিং মল এ দুটি। খুবই ভাল কথা, পৃথিবীর কাছে আমরা ফুটানি করতে পারবো এগুলো নিয়ে। বিদেশের মানুষ যখন যমুনা ফিউচার পার্ক এ যাবে, তখন মনে করবে বাংলাদেশ ও কম যায় না। আমার প্রশ্ন হচ্ছে, বসুন্ধরায়/যমুনা ফিউচার পার্ক এ যেতে যদি রাস্তায় ১ ঘন্টা ট্রফিক জ্যাম থাকে, রাস্তার ধারে যদি ময়লার স্তুপ দেখা যায়, এবং ময়লার স্তুপ থেকে যদি এমন বিশ্রী গন্ধ আসে যে নাক/নিশ্বাস বন্ধ করেও পরিত্রান নেই। তাহলে আমাদের জাতীয় গৌরব বা প্রেস্টিজ থাকলো কোথায়?
এখানে একটা উদাহরণ দিতে চাই, আমার এক জাপানীজ বন্ধু বাংলাদেশে এসেছিলো একটা ভলান্টিয়ারের কাজ করতে। বগুড়াতে গিয়েছিলো আর্সেনিক মুক্ত পানি নিয়ে গবেষনা মূলক কোনো একটা কাজে। পরে ও আমাকে বলেছিলো, "গ্রামে না হয় বুঝলাম সুযোগ সুবিধা কম গাড়ী ঘোড়া নাই, তাই বলে ঢাকার কেনো এমন অবস্থা, ময়লা কেনো রাস্তাঘাটে পড়ে থাকবে?"
এতক্ষণ আমার প্যাঁচাল পড়ে মনে করছেন এখানে আঞ্চলিকতার কথা আসলো কেনো? আমি যেটা বলতে চাইছি একটা দেশের উন্নতির জন্য আমাদের সব অঞ্চলের এবং সবদিক থেকেই উন্নতি করতে হবে। সবার ঐক্যবদ্ধ হতে হবে। যে দেশে রাস্তাঘাট নেই সে দেশে গাড়ী থাকলেই তাকে উন্নত দেশ বলা যায় না, যদিও আমি বলছি না যে আমাদের গাড়ী আছে। যে দেশে ২৪ ঘন্টা বিদ্যৎ থাকে না সে দেশে বৈদ্যুতিক সরন্জাম চলবে কিভাবে? এসি কিনে ঘরে লাগানোর যৌক্তিকতা কতটুকু? সুতরাং চলেন আমরা সম্পুর্ন দেশ কে নিয়ে ভাবি। দেশের সবকিছুকে নিয়ে ভাবি। একটা যমুনা ফিউচার পার্ক করার আগে ভাবি, এ শপিং মল আমাদের দেশীয় পন্য কতটা বিদেশের কাছে পরিচিত করবে বা বিক্রি করবে । নাকি উল্টো আমরাই বিদেশি পন্য খরিদ করবো ঐখানে যেয়ে।
বেশি বলা হয়ে গেলে ক্ষমা করবেন। কাউকে আঘাত করার জন্য বলিনি, মনের ক্ষোভ থেকে লিখেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




