যে পথে নিরন্ন মুখের পাশে হাওয়া হেঁটে যায়
পিছু তাড়া করে ভিখিরির ঘ্যান ঘ্যানে স্বর;
সে পথে— ফুটো পয়সার কবি হেঁটে যাক,
পথের পাশের চা দোকানে আলাপেচ্ছলে
বসে থাকুক খ্যাতিচ্ছু গল্পকার,
তুমুল তর্কে মাতুক তরুণ কলাম-লেখক;
কিন্ত তোমার যেনো সে পথে পড়ে না ছায়া।
তুমি, বড় বিদ্যালয়গামী থলের বাহক,
ঘর হতে কালি করা জুতো পা’য়ে বের হওয়া
চনমনে অফিসযাত্রী, রাষ্ট্রীয় পতাকাশোভিত গাড়িতে
তুমি— দেশীয় হারমাদ;
তোমাদের জন্য অপেক্ষায় আছে
কর্পোরেটের লোভনীয় কেরানী পদ, আছে
দেশ ও বিদেশী বণিকের ঘর হতে আসা ঐশি বাণী।
বিপ্লব বিপ্লব বলে যারা হেঁদিয়ে মরছে শহরের চৌরাস্তায়—
তাদের দিকে তোমরা ভুলেও তাকিও না যেনো;
সময় থাকতেই তোমরা ঠুলি পরা কলুর বলদ হয়ে যাও
যেমনটা হয়ে আছেন— একদা বাম রাজনীতি করা,
সময়ের তালে ভোল পাল্টানো—
সুশীল দৈনিকের প্রভাবশালী সম্পাদক।
২৩.০৩.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





