হাস্যোজ্বল অফিসে ম্লান মুখ বড় অশোভন
নৈর্ব্যক্তিক স্বরে শুকনো হাসি ক্লায়েন্ড-ফ্রেন্ডলি নয়।
মনে রাখবেন, ক্লায়েন্ট আমাদের প্রভু;
তাদের তুষ্টিই একান্ত কাম্য আমাদের।
অতএব, তাদের সাথে আপনি
হেসে হেসে বলবেন কথা।
প্রয়োজনে শুকনো ঠোঁটে মাখবেন লিপজেল;
হাসবেন বিগলিত, আগবাড়িয়ে;
আমরা নই সরকারী লোকজন।
ওখানে ওসব চলে— শুকনো ঠোঁট,
মলিন মুখ, কুচকানো জামা, এলো চুল—
এসব আমাদের জন্য নয়।
হ্যাঁ, আমরা বুঝি, আপনিও মানুষ।
আপনারো হতে পারে মন খারাপ,
বাসায় কেউ থাকতে পারে অসুস্থ্য,
আগের রাতে হতে পারে দাম্পত্য কলহ
প্রিয়জন কেউ দু’দিন আগেই যেতে পারে মারা;
কিন্তু, মনে রাখবেন,
শোক একটি ব্যক্তিগত আবেগ।
শোক আপনি রাখবেন গৃহে;
ব্যাংকের চেকবইয়ের মতন
একে আলমারিতে রাখবেন তুলে।
আমাদের হাস্যোজ্বল ক্লায়েন্টের সামনে
আপনার শোক করবেন না প্রদর্শন;
দ্যাটস দা কপোর্রেট কালচার।
০১.০৩.১৭
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


