দেয়ালগুলোর বুকে পাতো কান, মানুষের কান্না শুনতে পাবে;
আধপেটা শ্রমিকের গল্প জানে না সংসদ ভবন
সেই সত্য গোপন আছে দেয়ালের ইট ও সুঁড়কিতে।
গার্মেন্টসগুলোতে গিয়ে, চিকিৎসকের স্ট্যাথোস্কোপের মতন,
কাপড়ের বান্ডেলের গায়ে চেপে ধরো তোমার হৃদয়
টের পাবে নিষ্পেষিত মানবীর নাড়ী কেমন করে ধুঁকপুক।
টিভির খবরে দেখো, কৃষকের উন্নয়নে এসি রুমে চলছে সম্মেলন
মন্ত্রীর বক্তৃতা শোনো, কৃষাণের চেয়ে নেই পরমবন্ধু কোনো
কিন্তু মাঠে গেলে পাবে টের, চাষা ও মজুরের দল মরছে!
মরছে তোমার হৃদয়। তার ’পরে ভর দিয়ে বাড়ছে
সুরম্য আট্টালিকা, নগরের জৌলুস; এরই মাঝে
হচ্ছে রচনা তোমার বিষাদ । তুমি কি তা দেখছো?
১৯.০৩.১৭
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



