বিশ্ব-ইতিহাস কিংবা বিশ্ব-রাজনীতির একনিষ্ঠ পাঠক বা গবেষক কোনটাই নই । তাই চাইলেও অনেক বিষয়ে মুখ খুলতে পারিনা স্বীয় অজ্ঞতা এবং ভীরুতার কারনে । কত যে ভাবনা অংকুরেই নষ্ট হয়ে যায় তার ইয়ত্তা নেই ।
আমি চাই একটা সুন্দর আগামী । সুন্দর বিশ্ব । সুন্দর দেশ । আর এই চাওয়া থেকেই মনের মাঝে উঁকি দেয় বিভিন্ন ভাবনা । ভাবনাগুলো দুর্ভাবনা কিংবা পরিনত ভাবনায় রুপ নেয়ার আগেই হারিয়ে যায় । ব্লগের কল্যাণে এই ভাবনাগুলোর দু-একটা সাহস করে অন্যের সাথে শেয়ার করি- যদিও জানি আমার এ প্রয়াসে অনেকের ঠোঁটে বাঁকা হাসির উদ্রেক ঘটায় ।কেউ কেউ হয়তো এমনও ভেবে থাকেন 'হাতি ঘোড়া গেল তল,ভেড়া বলে কত জল ' ।
গতকালই একটা পোস্ট দিয়েছিলাম বাংলাদেশের অতীত কিছু বিষয় ভুলে যাওয়া প্রসংগে । সময়ের অভাবে সেখানে আমার ভাবনাগুলো একত্রিত করতে না পারায় আজকের এই পোস্ট । আমি বলেছিলাম আমাদের কিছু অতীত বিস্মৃত হতে হবে । এই মুহুর্তে আমি এই তালিকায় দুটি নাম সংযুক্ত করতে চাই -
১. রাজনৈতিক দল
২. আমলাতন্ত্র
রাজনৈতিক দল -
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাজনৈতিক দলের । এছাড়া, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের বিকল্প কিছু হতে পারে কিনা সে ব্যাপারে কোন রাজনীতি বিজ্ঞানী কিছু বলেছেন কিনা তাও আমার জানা নেই । তবে আমি মনে করি, বাংলাদেশের প্রেক্ষিতে এর বিকল্প খোঁজার বিকল্প নেই । আমলাতন্ত্রের মতই এর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে 'ঘাতক লবণ' । এর সংস্কার নয়- দরকার বিলোপ । রাজনৈতিক দলের পুরো প্রক্রিয়া এতটাই দুর্ণীতিগ্রস্ত যে এর বিকল্প না আসা পর্যন্ত আমাদের সর্বগ্রাসী দুর্ণীতি থেকে মুক্তির উপায় নেই ।
কিন্তু আসল সমস্যা হলো বিকল্প উদ্ভাবনে । এবার আসুন বিকল্প উদ্ভাবনে আমরা একটু চেষ্টা করি ।
রাজনৈতিক দল ছাড়া দেশের কোন কাজগুলো সম্ভব নয় ? এই প্রশ্নের আলোকে আমরা সে কাজগুলো চিহ্নিত করতে পারি ।পারি সে কাজগুলো করার বিকল্প বডি গঠন করতে । আমার কাছে মনে হয় দেশের বিভিন্ন মন্ত্রণালয়গুলো সে বিষয়ে দেশসেরা ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হওয়া উচিত ।বাফারস্টেটের সঙ্গা জানেন না এমন একজন পররাস্ট্রমন্ত্রী না হয়ে যদি সে বিষয়ে বিশেষজ্ঞ কেউ পররাস্ট্রমন্ত্রী হতেন তাহলে সেটা কি দেশের জন্য অধিকতর কল্যাণকর হতোনা ?
এভাবে যদি সবগুলো মন্ত্রণালয় দেশের সেরা জ্ঞানী-গুণীদের সমন্বয়ে গঠিত হয় এবং তারাই যদি তাদের মধ্যকার সবর্জন শ্রদ্ধেয় কাউকে প্রধানমন্ত্রী বা রাস্ট্রপতি বানান তাহলে তা-কি দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে ?
এভাবে যদি সরকার গঠিত হয়, তাহলে দেশে রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, নির্বাচন -কোনটাই দরকার পড়বেনা ।
আমলাতন্ত্র-
বৃটিশ সৃষ্ট এই ব্যবস্থার বিকল্পও আমাদের খুঁজে বের করতে হবে । আমরা কথায় কথায় সবাই-ই আমলাতন্ত্রকে দোষ দেই । সুতরাং এর বিলোপের ব্যাপারে আশা করি সবাই একমত হবেন ।
তবে আমি মনে করি, যদি উপরোল্লেখিত পদ্ধতিতে দেশে শাসনব্যবস্থা প্রবর্তিত হয় তাহলে আমলাতন্ত্রের বর্তমান দৌরাত্ম কমে যাবে । কারণ আমলারা অনেকদিন ধরে একই বিষয় নিয়ে ডিল করায় নতুন আগত রাজনৈতিক ব্যক্তিদের তুলনায় এগিয়ে থাকে । এবং সুযোগমত সেই সুবিধাটুকু নিয়ে নেয় । কিন্তু যদি সেখানে বিশেষজ্ঞরা চলে আসেন তাহলে তারা সেই সুবিধাটুকু পাবেনা ।
তবে চাইলে এই পদ্ধতিরও বিকল্প উদ্ভাবন সম্ভব । সে ক্ষেত্রে সকল কাজ বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা গেলে আমলাতন্ত্রের স্থায়ী অভিশাপ থেকে আমরা মুক্ত হতে পারি ।
পুনশ্চ:
এই বিকল্পগুলোর অনেক বিরুপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে । যথাযথ পদক্ষেপ নিয়েই এগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেয়া উচিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


