দিবস তোদের বশ করেছে দিবস নিয়েই থাকিস
দিবসটাকে সবাই মিলে মাথায় তুলে রাখিস।
একুশ এলেই ঊর্ধ্বশ্বাসে যাস যে শহিদ মিনার
অন্য সময় ছাগল চরে—রাখিস কি তার কিনার?
বৈশাখ এলেই অমনি তো চাস পান্তাভাতে ইলিশ
অন্য সময় সকাল-বিকাল কেএফসিতে গিলিস!
মে দিবসে “শ্রমিক-শ্রমিক” এই তো তুলিস কোরাস
দুদিন বাদেই রাগের মাথায় তাদের গাড়িই পোড়াস!
মা দিবসে “ম্যা ম্যা” করে খুবতো ফেনা তুলিস
পরের দিনই বউয়ের গুঁতোয় মা হয়ে যায় পুলিশ!
ডেইলি তোদের দিবস থাকে—তাই কি তোরা ভাবিস—
দিবস পালন না করে যে ওল্ড, ব্যাকোয়ার্ড, রাবিশ?
ওরে আমার নতুন যুগের আল্ট্রামডার্ন নবাব
তোর কাছে আজ প্রশ্ন করি—দে দেখি তুই জবাব
দিবস যদি এতই জরুর, এতই মডার্ন, ভালোই
“বাবা” দিবসের আব্বা কি হয় অন্য সময় তালৈ?
—স্নিগ্ধ মুগ্ধতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




