জুলফি চেঁছে গরুর সাথে সেলফি দিলি তিনটে দিন;
খড় খাওয়ানোর, চড় খাওয়ানোর পোস্ট দিলি যে অন্তহীন।
হাঁক ছেড়ে তুই করলি প্রচার এই গরু তোর লাখ টাকার।
হায়! বেটা তোর চাপার জোরেই পড়ল চাপা ডাকটা তার।
লোক-দেখানোর ঝোঁক দেখানো— করলি এমন লক্ষ ভুল,
এরপরও তুই আশায় থাকিস কুরবানি তোর হোক কবুল?
যা-হোক হলেই করবে কবুল—এমনই কি ক্লীব রাহিম?
বৃথাই তবে পুত্রশোকের ত্যাগ শেখালেন ইবরাহিম।
ফি-বছরই এক রকমই গরুর সাথে পোজটা দিস।
তুই ব্যাটা যে আস্ত বলদ তার কখনও খোঁজ রাখিস?
অন্ধকারে একলা ঘুরে যার গেল রাত ঘুম-বিহীন
সেই উমরের উম্মাহ হয়ে গুমর দেখাস রাত্রি-দিন?
আর কতকাল ঢং দেখাবি, রইবি মেরু-মজ্জা-ক্ষীণ
দু-কানকাটা আর কত তুই রইবি বেকুব লজ্জাহীন?
আর কতকাল গরুই শুধু, কুরবানি হ এবার তুই
আয় তাকওয়ার রক্ত দিয়ে তরবারিটা এবার ধুই।
—কুরবানি
স্নিগ্ধ মুগ্ধতা।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




