আরাকান তোর নিশ্বাসে জ্বলে অবিশ্বাসের বিষ—
চোখ খুলে দেখ মানবতা কেঁদে মরছে অহর্নিশ।
করাল থাবায় দাবানল জ্বেলে সব কিছু করে গ্রাস
পোড়ালি যাদের তাদেরই আবার ট্যাগ দিলি সন্ত্রাস!
আরাকান ওরে, নিষ্ঠুর ওরে, বিষধর লোভী সাপ,
আরাকান,তোর কান কি শোনে না অসহায় অভিশাপ?
দুধের শিশুরা কেঁদে কেঁদে, শোন, আর তো কাঁদে না আর—
অতটুক দেহ সইতে পারে কি এতটা বেদনা-ভার?
আরাকান তুই শুনতে কি পাস স্বজন-হারানো শোক?
অপরাধী, বল বিনা-অপরাধে লাশ হবে কতো লোক?
আর কতো বোন ধর্ষিতা হলে তোর চিতা হবে ছাই,
আর কতো কাল কাঁদবে একাকী বোনকে হারানো ভাই?
বিশ্বে এখন নিঃস্বেরা কাঁদে, দর্শক বাকি সব—
আরাকান, তুই ভেবেছিস বুঝি তাদের মতোনই রব?
মাজলুমদের আকুতি যে ওই আরশে দিয়েছে টান,
কিছুকাল শুধু সবুর করে যা ভয়হীন শয়তান!
মাজলুমদের অভিশাপে তুই হয়ে যাবি খান খান।
জানোয়ার, তোকে জানোয়ার বলা পশুদের অপমান!
—আরাকান
স্নিগ্ধ মুগ্ধতা
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




