মাত্র ৫শ টাকার বিনিময়ে বাচ্চু রাজাকার (আবুল কালাম আযাদ) বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছেন বলে বাংলানিউজের অনুসন্ধানে এ তথ্য বের হয়ে এসেছে।
বাচ্চু রাজাকার ভারত হয়ে পাকিস্তান চলে গেছেন এমন খবরের ভিত্তিতে বাংলানিউজের পক্ষ থেকে দিনাজপুরের বাংলা হিলি সীমান্ত এলাকায় অনুসন্ধান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
জানা যায়, মাত্র ৫শ টাকায় দালাল আজিজুল হক মুন্সী ২০১২ সালের ২ এপ্রিল রাতে বিজিবি সদস্যদের ‘ম্যানেজ’ করে বাচ্চু রাজাকারকে বাংলাদেশ সীমান্তের ২৮৫/১১এস পিলারের কাছ দিয়ে দিনাজপুরের বাংলা হিলি সীমান্ত দিয়ে ভারতে পার করে দেন।
তখন আজিজুল জানতেন না যে, ‘বাচ্চু রাজাকার’-কেই পার করে দিলেন, এমন কথাই বাংলানিউজকে জানিয়েছেন তিনি।
এর আগে ৩০ মার্চ একটি কালো গ্লাস যুক্ত (টিনটেড) মাইক্রোবাসে করে বাচ্চু রাজাকার ও তার ছেলে শাহ মোহম্মাদ ফয়সাল আযাদ ঢাকা থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদের কাছে আসেন।
আবুল কাশেম বাচ্চু রাজাকারের ঘনিষ্ঠজনদের একজন বলে জানা গেছে।
সেখানে (হিলি) আবুল কাশেম আজাদেরই মালিকানায় আবাসিক হোটেল ক্যাপিলাতে বাচ্চু রাজাকার ও তার ছেলে শাহ মোহম্মাদ ফয়সাল আযাদ ৩ দিন অবস্থান করেন ।
এর পর ২রা এপ্রিল সন্ধ্যায় দালাল আজিজুল হক মুন্সীর সহযোগিতায় হিলি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায় বাচ্চু রাজাকার।
মাত্র ৫শ টাকায় সীমান্ত পার হন ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ফাঁসির দণ্ড পাওয়া আসামি আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার।
এদিকে, বাচ্চু রাজাকার সীমান্ত পার হয়ে ভারতে চলে যাওয়ার পর টনক নড়ে প্রশাসনের। সরকারের গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়।
৭ দিন পর অর্থাৎ ২০১২ সালের ৯ এপ্রিল বাচ্চু রাজাকারকে পালানোর সহযোগিতা করার অভিযোগে ক্যাপিলা আবাসিক হোটেলের মালিক ও হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদকে র্যাব-৫ এর একটি দল জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হিলি থেকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যায়।
এবিষয়ে র্যাব জানায়, আবুল কাশেম আজাদকে জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন, হাকিমপুরের বিশাপাড়া মৃত জামাল উদ্দিনের ছেলে আজিজুল হক মুন্সী (৪৫), আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে হিলি সীমান্ত দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন।
আবুল কাশেম আজাদকে আটকের ২ দিন পর দালাল আজিজুল হক মুন্সীকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
জিজ্ঞাসাবাদে আজিজুল হক স্বীকার করেন যে, মাত্র ৫শ টাকার বিনিময়ে বাচ্চু রাজাকারকে বাংলা হিলি সীমান্ত পার করিয়ে দিয়েছিলেন তিনি।
এর পর পুলিশ তাদের রাজধানীর উত্তর খান থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।
সম্প্রতি, হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও হোটেল ক্যাপিলার মালিক আবুল কাশেম আজাদ ও দালাল আজিজুল হক মুন্সী উচ্চ আদালতের নির্দেশে জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন।
জানতে চাইলে আজিজুল হক মুন্সী বাংলানিউজকে জানান, তিনি যে লোককে সীমান্ত পার করিয়ে দিয়েছিলেন, তিনি ‘বাচ্চু রাজাকার’ নাকি অন্য কেউ, তা তিনি জানতেন না।
এবিষয়ে তিনি বলেন, “আমি টাকা পেয়েছি। তাই, বর্ডার পার করে দিয়েছি। এ ছাড়া আর কিছু জানিনা।”
উল্লেখ্য, ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশ দেন।
তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ১৪ জনকে হত্যা, ৩ জনকে ধর্ষণ, ৯ জনকে অপহরণ, ১০ জনকে আটকে রাখা, ৫ বাড়িতে অগ্নিসংযোগ ও ১৫টি বাড়িতে মালামাল লুণ্ঠনের অভিযোগ প্রমাণিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



