লেখকের মৃত্যু
গল্পের বই পড়তে পড়তে আবুল হোসেনের লেখতে ইচ্ছা করে।
অনেক আইডিয়া, গল্পের প্লট মাথায় ঘোরাফেরা করে।
অবশেষে মাঝারি আকারের একটা উপন্যাস সে লিখে ফেলে।
উপন্যাসটা ছাপানোর জন্য অনেক ঘোরাঘুরি করেও ছাপাতে না পেরে, দুধের সাধ ঘোলে মেটানোর মত ইন্টারনেটে একটা বাংলা ব্লগে তার লেখাটা পোষ্ট করে দেয়।
আবুল হোসেন আশা করে ছিল, তার লেখা ব্লগে প্রকাশিত হওয়ার পর পাঠকদের ভাল লাগবে।
অনেকেই তার লেখা পড়বে, আবার অনেকেই অনুরোধ করবে আরো লেখার জন্য। আবার কেউ কেউ যে সমালোচনা করবে, এটাও স্বাভাবিক।
ব্লগে লেখাটা প্রকাশিত হওয়ার পর আবুল হোসেনের বেশ খুশি খুশি লাগছে।
কতজন তার লেখা পড়েছে? কি মন্তব্য করেছে? জানার জন্য বেশ অস্থির অস্থির লাগছিলো।
ঘণ্টাখানিক পরে আবুল হোসেন দেখে, তার লেখার নিচে লেখা '১ বার পঠিত', '০ টি মন্তব্য' ।
অস্থির অস্থির লাগছে, অনেকক্ষণ কেটে গেছে, এখন কি অবস্থা?
'২ বার পঠিত', '০ টি মন্তব্য' ।
পরের দিন আবুল হোসেন লগইন করে দেখে, '৪ বার পঠিত', '১ টি মন্তব্য' ।
মন্তব্যের ঘরে লেখা, "আবাল"।
লেখক হিসাবে বেঁচে থাকার আশায় আবুল হোসেন ব্লগের বারান্দায় আরো কিছুদিন ঘোরাফেরা করে।
কিন্তু '৪ বার পঠিত', '১ টি মন্তব্য' আর "আবাল" এই ক্ষত দূর না হওয়ায় শেষ পর্যন্ত লেখকের মৃত্যু ঘটে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




