টেলিভিশনের খবরে মন্ত্রীদের দেখি। নিজের চোখে এর আগে কখনো মন্ত্রী দেখিনি। আজ মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলাম। এটা অনেক আনন্দের।’
চোখ-মুখে আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছিল মেহেদী হাসান। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে।
সুন্দর হাতের লেখা ও নিজের স্কুল মানসম্মত শিক্ষার সব সূচকে উত্তীর্ণ হওয়ায় মাকে সঙ্গে করে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়ার এই বিরল সুযোগ পেয়েছে এই শিশু।
পেছনের কথা না বললে এই শিক্ষক ও শিক্ষার্থীদের কৃতিত্ব অনেকটাই আড়ালেই থেকে যাবে। সপ্তাহ খানেক আগে এই স্কুলটিতে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিন। সেদিন স্কুলের প্রতিটি কক্ষ ঘুরে শিক্ষার্থীদের নানা প্রশ্ন করা হয়, যার শতভাগ উত্তর দিতে পেরেছিল মফস্বলের এই শিশুরা। শুধু তাই নয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীদের হাতের লেখাও ছিল আকর্ষণ করার মতো, হুবহু।
শিক্ষকদের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের একাগ্রতায় এটি সম্ভব হয়েছে বলেই মনে করে মন্ত্রণালয়। আর সে কারণেই রোববার শিক্ষকসহ শিক্ষার্থীদের করা হয় পুরস্কৃত।
মেহেদীর মতো এই বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৩৬ জন শিক্ষার্থী ও তাদের মায়েদের হাতে অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।
পুরস্কার জয়ী শিক্ষার্থীদের মায়েদের ‘স্যালুট’ জানিয়ে মন্ত্রীও বলেছেন, “এটা অনুকরণ ও অনুসরণের একটা অনুষ্ঠান। আমরা গর্বিত মায়েদের সম্মান জানাতেই ছুটে এসেছি, যেন এটা দেখে অন্যরাও উৎসাহিত হয়।”
ছেলেকে সঙ্গে নিয়ে মন্ত্রীর কাছ পুরস্কার নেয়া সংগপুর গ্রামের মেহেদীর মা মালেকা বেগম এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মনের আশা পূরণ হলো আজ।”
এসব মায়েদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “মায়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকা-ের সঙ্গে যুক্ত করতে না পারলে প্রাথমিক শিক্ষার অর্জন সফল হবে না।”
গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে মধ্যে মেধা তালিকায় নবম স্থান অর্জন করা এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি ল্যাপটপ দেয়ারও ঘোষণা দেন মন্ত্রী।
সকাল ৯টার দিকে স্কুল ইউনিফর্ম পড়া সন্তানদের নিয়ে বিদ্যালয়ে আসার সঙ্গে সঙ্গেই ‘গর্বিত’ মায়েদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থী-অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। এসেছিলেন এই এলাকার বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিতজনেরাও।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহান মিয়ার মা মেরিনা খাতুন ছেলের সঙ্গে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে খুবই খুশি।
হাসিমাখা মুখে এই গৃহবধূ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে আজ আমারে সম্মানিত করল। ও পড়াশুনা করে অনেক বড় হবে, এটাই চাওয়া। ছেলেকে অনেক দূর পড়াতে চাই আমি।”
অভিভাবক গ্যারালির এক কোণে চুপচাপ বসা চন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের মা হাসিনা বেগম বলেন, “ছেলের জন্যই আজ এত বড় অনুষ্ঠানে আসতে পেরেছি। খুব ভালো লাগছে।”
মায়ের গা জড়িয়ে ধরে বসে থাকা ইসমাইল বলে, “মা তোমার কথা পত্রিকায় লেখা হবে।” শুনেই রাজ্যের হাসি হাসিনার মুখে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, একটি শিশু মাত্র ছয় ঘণ্টা বিদ্যালয়ে কাটায়। আর বাকি ১৮ ঘণ্টা থাকে বাড়িতে। তাই শিশুদের ভালো শিক্ষা নিশ্চিত করতে মায়েদের অনুপ্রেরণা অগ্রণী ভূমিকা রাখে।
“শুধু ভালো চাকরি নয়, ভবিষ্যতে ভালো রাজনীতিবিদ হতে গেলেও ভালো পড়াশুনা থাকতে হবে,” শিশু শিক্ষার্থীদের বলেন মোতাহার।
২৩৬ জন শিক্ষার্থীর পাশাপাশি বিদ্যালয়ের ১১ জন শিক্ষক, তিন কর্মচারী, পরিচালনা পর্ষদের ১২ সদস্য এবং পিটিআইয়ের ১০ কর্মকর্তার হাতেও পুরস্কার তুলে দেন মন্ত্রী-প্রতিমন্ত্রী।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক সরদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক খাদিজা খাতুন শেফালী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতারা সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন।
সংগ্রহিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



