রোজ ডে, হাগ ডে , কিস ডে , প্রপোজ ডে কিংবা ভ্যালেন্টাইনস ডে নিয়ে ব্যাস্ত সবাই, কারো কি খেয়াল আছে আজ মাঘ মাসের শেষ দিন! বর্ষাকাল ভালো লাগলেও এই শীতের সময়টাকে আমি সারাবছর জুড়ে মিস করি। গত বেশকিছু বছর ধরে শীতকালীন সময়টা আমার বেশ ভালোই কাটে, তাই হয়তো...
শহরের শীতকালীন সকালবেলায় মাঝেমধ্যে মনে পড়ে এক যুগেরও বেশী সময় আগে গ্রামে শীতের দিনের সকালে রোদ পোহানোর ছলে একজন নিষ্পাপ শিশুর খেলা... অথবা সকালবেলায় আগের রাতে বানানো ভাপা পিঠা মাটির চুলোর আগুনে পুড়ে খাওয়ার অনুভূতি!
মাঘের শীতে বাঘ পালায় কিনা তার সত্যতা জানা নেই, তবে মাঘ শেষে শীত পালানোর ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনা।
বসন্তের আগমন ঘটলেও এই শহরে কোকিলের দেখা পাওয়া যায় না, কন্যাদের বাসন্তী রঙের শাড়ী কিংবা বালকদের পাঞ্জাবী পরে একসাথে হাতে হাত রেখে হাঁটতে দেখেই বুঝে নিতে হয় বসন্তের আগমন।
ষড়ঋতুর বাংলাদেশে ছয় ঋতুর পরিবর্তনটাও এখন আর ঠিকমতো চোখে পড়েনা প্রকৃতির বৈচিত্রে... বুঝে নিতে হয় মানুষের বৈচিত্র আর আয়োজন দিয়ে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত আস্তে আস্তে ঠাই করে নিচ্ছে বাংলা ক্যালেন্ডারের পাতায়। যেমন করে শীতের প্রস্থান ঢাকা পড়ে গেছে নানা রকম 'ডে' এর ঢামাঢোলে!
তারপরও শীতকাল প্রেমিকার চাইতে ভালো, অন্তত বছরঘুরে সে একবার আসে নিয়ম করে... কিন্তু যে প্রেমিকা একবার চলে যায় সে আর ফিরে আসেনা... ফিরে আসলেও শীতের চাদরের মতো করে তাকে আর জড়িয়ে নেয়া যায় না!
ফাগুনের প্রাক্কালে এই মুহুর্তে মনে পড়ছে পুরনো বাংলা ছবির একটা গান,
আগুনের দিন শেষ হবে একদিন,
ঝরণার সাথে গান হবে একদিন,
এই পৃথিবী ছেড়ে চলো যাই,
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


