১. ক্ষুধা
ভাঁজ খুলে; তোমাকেই করি বিস্তর;
যেভাবেই চোখ রাখি
তোমাকেই টের পাই ঢের;
ঘুমান্ত বালিশে মাথা রেখে
যন্ত্রণায় মূর্ছে করি চিৎকারে;
যে কেউ বলে প্রেম;
আমি দেখি ক্ষুধার থাবা
চারিদিকে নশ্বর;
চূর্ণতার দাহ জ্বলে একা।
২. মুছেমুছে, ছিঁড়ে ফেলি
মুছেমুছে, ছিঁড়ে ফেলি;
খাতার কাগজ, তোমার ছবি
মনজানালায় একশ' গোলাপ।
মুছেমুছে, ছিঁড়ে ফেলি;
শীতের সকাল, রোদের দুপুর
চিলেকোঠার একলা হওয়ার উদাস নুপূর।
মুছেমুছে, ছিঁড়ে ফেলি;
তালপাতার পাখায় বাঁধা কোমল বাতাস
শীতলপাটির আলতা পায়ের একপড়শীর
চোখের কথা পড়তে গিয়ে হোঁচট খাওয়া সেই ক্ষণকাল।
মুছেমুছে, ছিঁড়ে ফেলি;
অনেককিছুই, অবাধ্যমন; যা-ইচ্ছে-তাই।
ছিঁড়তে ছিঁড়তে হঠাৎ যখন তোমায় দেখি
একনিমিশে জুড়তে থাকি; জুড়তে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


