চলো যাই; একদিন সময় করে হেঁটে আসি
শৈশবের স্বপ্নসড়কে, আকাশের উদরে ভাসাই
ডাকঘুড়ি; টানটান সূতোর ভাঁজে বেঁধে রাখি
কালকাহন। বর্ষাকদমে ভেজা সন্ধ্যার নিঃস্তব্ধতায়
উনুনে শুকাই বেদনার সুষম আমিষ।
চলো যাই; তেপান্তরের দিগন্তছোঁয়া পথের গায়ে
লিখে রাখি অসংখ্য চেনাজানা মুখ ও মুখোশ।
সভ্যশকুনের ঠোঁটে গাঁথা বিবর্ণ স্মৃতির ললাটে
সেইসব মৃত্যুর করি জড়ো; তাদের কান্নার স্বরে
শ্রাবণের জলরাশি পথভোলা পথিকের সাথে হাঁটে
একা। আমাদের উদ্বাস্তচোখে ওড়ে কুয়াশাভোর।
চলো যাই; আনন্দরোদ্দুর মেখে কোনো উল্লাসের হাটে
কিছুক্ষণ দুঃখ ভুলে; আশ্বিনের মেঘের ভেলার মতো
হাওয়াদের স্পর্দ্ধায় বেড়ে ওঠি আবারও;
বাক্সবন্দী বাইস্কোপের ভিতর চোখ ডুবিয়ে, বলি
অইতো সুখ, সাদা সুখ, নরোম-কোমল সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


